img

খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রকাশিত :  ১০:০১, ১৬ মার্চ ২০২৬

খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনায় প্রকাশ্যে গুলি করে শিকুল আনাম রাশু (৩৮) নামে এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে । আজ সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন আড়ংঘাটা রোডের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাশিকুল আনাম রাশু দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার শরীফুল আনামের ছেলে। তিনি দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে দৌলতপুর থানা যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজনীতির পাশাপাশি কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট-বালুর ব্যবসা করতেন রাশু। সোমবার সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন তিনি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। একটা গুলি তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ সময় গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশরাফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের কাজ চলমান রয়েছে।


img

নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত :  ০৭:২৬, ০২ মে ২০২৬

নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার (২ মে) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় ফায়ার সার্ভিস অফিসের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের আয়নাল হক (৫৭) ও অজ্ঞাতনামা আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী ‘আল্লাহর দান’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা আরও এক ব্যক্তির মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সারা তাবাসসুম উর্মি, স্থানীয় বাসিন্দা মোল্লা মিয়া এবং ময়মনসিংহের ফুলপুরের মনির হোসেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাস ও সিএনজি চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।


বাংলাদেশ এর আরও খবর