img

আমির হামজার সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন রুমিন-ফারজানা-নায়াব

প্রকাশিত :  ১১:৫৭, ০৩ এপ্রিল ২০২৬

আমির হামজার সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন রুমিন-ফারজানা-নায়াব

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা আমির হামজার নারী এমপিদের নিয়ে করা ‘বডি শেমিং’ মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার ওই বক্তব্যের জবাবে সংসদের একাধিক নারী সদস্য কড়া অবস্থান নিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সংসদে পাশে বসা নারী এমপিদের নিয়ে কটূক্তি করছেন আমির হামজা। ভিডিওতে তিনি রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনকে নিয়ে শারীরিক গঠন প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেন। পাশাপাশি ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদের নামও উল্লেখ করেন। 

ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে, ফারজানা শারমিন। আমার ডানে-বামে এমন ভুঁড়িওয়ালা লোক পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বসবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে গিয়ে দেখি, আমার ডানে-বামে ভুঁড়িওয়ালা। এমন বড় বড় ভুঁড়ি, আমার মনে হয় ভুঁড়ি ছিঁড়লে ভেতর থেকে ব্রিজ-কালভার্ট বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা গণমাধ্যমে বলেন, ‘এই মন্তব্যটি দুই দিন আগে আমার নজরে এসেছে। তার অতীত রেকর্ড বিবেচনায় এটি কোনো ব্যতিক্রম নয়।’

তিনি আরও বলেন, ‘আমি অবাক হয়েছি যে সংসদে এক সপ্তাহ যাওয়ার পরও তিনি জানেন না যে প্রতিটি সদস্যের নির্দিষ্ট আসন থাকে। তিনি ডান-বামের কথা বলেছেন, অথচ বাস্তবে তার পাশে কেউ ছিল না। জামায়াতের এমপি হিসেবে তিনি জামায়াতের সদস্যদের সঙ্গেই বসেন।’

তিনি মন্তব্য করেন, ‘এটি নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। একটি নারী বিদ্বেষী সমাজে এটি অস্বাভাবিক নয়, তবে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো—এখন তারা জনগণের আনুষ্ঠানিক প্রতিনিধি।’

অন্যদিকে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন গণমাধ্যমে বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি। এই বিষয়ে কথা বলাও আমার মর্যাদার নিচে।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের বক্তব্য দিয়ে তিনি শুধু নারী এমপি নয়, সংসদের প্রতিটি এমপিকে অপমান করেছেন। এমনকি দেশের প্রতিটি নারীকে—তার (আমির হামজা) নিজের মাকেও অপমান করেছেন।’

আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা— গণমাধ্যমের এমন প্রশ্নে তিনি বলেন, ‘এই মুহূর্তে এমন একজন অশালীন ব্যক্তির জবাব দেওয়ার চেয়ে আমার আরও গুরুত্বপূর্ণ কাজ আছে।’

ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদ গণমাধ্যমে বলেন, এই মন্তব্য আমির হামজার ‘চরম সংকীর্ণ মানসিকতার’ পরিচয় দেয়। 

তিনি বলেন, ‘তারা নারীদের মানুষ হিসেবে দেখে না—যেন আমরা অন্য গ্রহ থেকে এসেছি। যারা নারীদের এভাবে দেখে, তারা কীভাবে আমাদের নেতৃত্ব মেনে নেবে? এটি সম্পূর্ণ অযৌক্তিক। তারা প্রকৃত অর্থে ধর্ম মানে না বরং ধর্মের নামে নারীদের দমন করতে চায়। দেশের মানুষ এটি কখনো মেনে নেবে না, আমিও না।’


বাংলাদেশ এর আরও খবর

img

চট্টগ্রামগামী বিমানে অসুস্থ হয়ে নারী যাত্রীর মৃত্যু, মাসকটে জরুরি অবতরণ

প্রকাশিত :  ১৪:১৮, ২৬ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:২৫, ২৬ আগষ্ট ২০২৬

সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে ছানোয়ারা বেগম (৫৫) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। পরে তাকে চিকিৎসার জন্য ওমানের মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (২৬ আগস্ট) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

আজ বুধবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের পর ছানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে ফ্লাইটটি মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখানে বিমানবন্দরের চিকিৎসকের কাছে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ওই যাত্রীর মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, ‘জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে মৃত‍্যুবরণ করা ছানোয়ারা বেগমের বাড়ি চট্টগ্রামে বলে জেনেছি। বিস্তারিত ঠিকানা এখনো পাইনি। মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তবে অন‍্য যাত্রীদের নিয়ে ইতোমধ্যে ফ্লাইটটি মাস্কাট থেকে যাত্রা করেছে। আজ বিকেলে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।’

বাংলাদেশ এর আরও খবর