টাওয়ার হ্যামলেটস এলাকার সার্বিক উন্নয়নে এ্যাসপায়ার পার্টিকে সমর্থন দিয়ে মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করুন
আগামী ৭ মে ২০২৬ ইং অনুষ্ঠিতব্য নির্বাচনে এ্যাসপায়ার পার্টির মনোনীত মেয়র লুৎফুর রহমান এবং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বো-ওয়েস্ট এলাকার কমিউনিটি নেতৃবৃন্দ জোরালো আহ্বান জানিয়েছেন। পূর্ব লন্ডনের বো-ওয়েস্ট এলাকায় অনুষ্ঠিত এক বৈঠকে এলাকার সর্বস্তরের কমিউনিটি প্রতিনিধিদের উপস্থিতিতে এ্যাসপায়ার পার্টির চেয়ারম্যান ও বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব কে. এম. আবু তাহের চৌধুরী, সুপরিচিত টিভি ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম এবং মাওলানা ফয়েজ আহমদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উক্ত সভায় বক্তাগণ মেয়র লুৎফুর রহমান এবং এ্যাসপায়ার পার্টির মনোনীত প্রার্থীদের, বিশেষ করে বো-ওয়েস্ট আসনে কাউন্সিলর পদপ্রার্থী হাফিজ সৈয়দ নাঈম আহমদ ও রিপন আলীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সকলের প্রতি আন্তরিক আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন যে, "লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারার সার্বিক উন্নয়নে মেয়র লুৎফুর রহমান এবং তাঁর নেতৃত্বাধীন এ্যাসপায়ার পার্টির কাউন্সিলরবৃন্দ তাঁদের অক্লান্ত পরিশ্রম, দক্ষতা ও প্রতিশ্রুতিশীলতার মাধ্যমে ইতোমধ্যে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছেন। ভবিষ্যতেও এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁদের পুনরায় বিপুল ভোটে বিজয়ী করা অত্যন্ত জরুরি।"
বক্তারা আরও বলেন, "বো-ওয়েস্ট ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ নাঈম আহমদ ও রিপন আলী দীর্ঘদিন ধরে কমিউনিটির বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তাঁদের বিজয় নিশ্চিত হলে স্থানীয় উন্নয়নের পাশাপাশি মেয়র লুৎফুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টাওয়ার হ্যামলেটস বারার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।”


















