img

দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার, তদবিরে ছাড়া হবে না কাউকে: ডিএমপি কমিশনার

প্রকাশিত :  ০৯:২৭, ০৩ মে ২০২৬

দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার, তদবিরে ছাড়া হবে না কাউকে: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, দুদিনে তালিকাভুক্তসহ ৯৪ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে, তদবিরে কাউকে ছাড়া হবে না। কেউ তদবির করলে তাকেও চক্রের সঙ্গে জড়িত হিসেবে ধরে নেওয়া হবে।

আজ রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, গত দুদিনে ৫৮ জন তালিকাভুক্তসহ ৯৪ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজির আলামত জব্দ করা হয়েছে।

মো. সরওয়ার বলেন, চাঁদাবাজসহ অপরাধীদের ছাড়াতে কেউ তদবির করলে ধরে নেওয়া হবে সেও চক্রের সঙ্গে জড়িত। তদবিরে কাউকে ছাড়া হবে না। চাঁদাবাজ যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে

অন্যান্য সব অপরাধের বিরুদ্ধেও সাঁড়াশি অভিযান অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, অভিযানে বহু ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকটি ছিনতাইয়ের ঘটনা শনাক্ত করা হয়েছে। এখন শীর্ষ সন্ত্রাসীদের কেউ নেই। মিডিয়াম লেভেল এবং শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে কেউ কেউ। তবে জনসাধারণ খুব একটা আক্রমণের শিকার হচ্ছে না।

সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসে সমন্বিত বাহিনী কাজ করছে জানিয়ে মো. সরওয়ার বলেন, অভিযানে সমন্বিত নিরাপত্তা কৌশল নেওয়া হয়েছে৷ চিহ্নিত এলাকাগুলোতে ব্লক রেইড অভিযানের মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে। ৮টি বিভাগের ম্যাজিস্ট্রেটরাও মাঠে আছেন। মোবাইল কোর্ট চলমান আছে। অনলাইনে বিশেষ নজরদারি বাড়িয়েছে ডিএমপি।

হটস্পট ভিত্তিতে অভিযান চলছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, অনলাইন প্রতারণায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। বাজার এবং জনবহুল স্থানে পুলিশিং কার্যক্রম বাড়ানো হয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে আরও কিছু নতুন পুলিশ ক্যাম্প বসানো হবে এবং বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে। মোহাম্মদপুরে রায়েরবাজার থানা গঠনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, পুলিশের যারা অভিযানের তথ্য ফাঁস করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যেহেতু সিটি করপোরেশন থেকে ফুটপাতে সীমানা করে দেয়া হচ্ছে, তাই চাঁদাবাজির সুযোগ নেই তেমন।


img

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

প্রকাশিত :  ১৬:৫৭, ০৩ মে ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য প্রধানমন্ত্রী ও স্পিকারের উপস্থিতিতে শপথ নিলেন। আজ রোববার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে। গেজেট অনুযায়ী, রাজনৈতিক দল ও জোটের আসন বণ্টনের ভিত্তিতে এই সদস্যরা নির্বাচিত হয়েছেন। আজকের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেন।

গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনগুলোয় রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের সরকারি দল বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র ১ জন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এবারের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী হিসেবে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেত্রী নুসরাত তাবাসসুমের নাম বিশেষভাবে আলোচনায় ছিল। গতকালই নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ ও সক্রিয় নেতৃত্বের এই অংশগ্রহণ দেশের সংসদীয় রাজনীতিতে নতুন গতিশীলতা নিয়ে আসবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি নবনির্বাচিত সদস্যদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে। শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা স্পিকারের উপস্থিতিতে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এই নতুন নেতৃত্বের আগমনে সংসদের নারী প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হলো, যা আগামীর আইন প্রণয়ন ও জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।