img

কাউন্সিল ভাড়াটে ও লিজহোল্ডারদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

প্রকাশিত :  ১৬:৩০, ১১ মে ২০২৬

কাউন্সিল ভাড়াটে ও লিজহোল্ডারদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

টাওয়ার হ্যামলেটস-এর কাউন্সিল ভাড়াটে এবং লিজহোল্ডারদের জন্য ২০২৬ সালে আবারও শুরু হচ্ছে রেসিডেন্ট ট্রেনিং প্রোগ্রাম। এই উদ্যোগের মাধ্যমে বাসিন্দারা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারিক প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর মূল উদ্দেশ্য হলো দৈনন্দিন জীবনকে আরও সহজ করা, মানসিক ও সামাজিক কল্যাণ বৃদ্ধি করা এবং স্থানীয় কমিউনিটিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণের ব্যাপারে উৎসাহিত করা।

এই প্রশিক্ষণ প্রোগ্রামে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে হাউজিং অধিকার ও দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা, ভবন নিরাপত্তা নিয়ে সচেতনতা, কমিউনিটি নেতৃত্বের দক্ষতা, কমিউনিটি ভবন ও স্থানীয় সম্পদ ব্যবস্থাপনা এবং পেশাগত দক্ষতা উন্নয়ন। কিছু কোর্স এমনভাবে তৈরি করা হয়েছে যেগুলো সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা জাতীয়ভাবে স্বীকৃত সার্টিফিকেট অর্জন করতে পারবেন, যা ভবিষ্যতের শিক্ষা বা কর্মজীবনের জন্য সহায়ক হতে পারে।

এছাড়া যারা ইতিমধ্যে রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছেন বা ভবিষ্যতে যুক্ত হওয়ার কথা ভাবছেন, তাদের জন্য আলাদা একটি বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে। এসব সেশনে শেখানো হবে কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে মিটিং পরিচালনা করা যায়, কীভাবে আর্থিক বিষয়গুলো সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হয়, কিভাবে স্থানীয় কমিউনিটি ইভেন্ট আয়োজন করা যায় এবং ভাড়াটে হিসেবে নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে আরও কার্যকরভাবে কাজ করা যায়। একই সঙ্গে কীভাবে বাড়ির মালিক বা হাউজিং ব্যবস্থাপনার কাছে জবাবদিহিতা নিশ্চিত করা যায়, সে বিষয়েও দিক নির্দেশনা দেওয়া হবে।

এই উদ্যোগটি শুধু ব্যক্তিগত দক্ষতা বাড়ানোর জন্য নয়, বরং একটি শক্তিশালী ও সচেতন কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে বাসিন্দারা নিজেদের জীবনমান উন্নত করতে পারবেন এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিতে পারবেন।

এই প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পর্কে আরও তথ্যের জন্য জবংরফবহঃ.বহমধমবসবহঃ@ঃড়বিৎযধসষবঃং.মড়া.ঁশ এই ইমেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

কমিউনিটি এর আরও খবর

img

সানু মিয়া ভবিষ্যত প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন: স্মরণষভায় বক্তাগণ

প্রকাশিত :  ১৬:৪৪, ১১ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭:৩০, ১১ মে ২০২৬

পূর্ব লন্ডনের জনপ্রিয় যুব সংগঠক প্রয়াত কমিউনিটি অ্যাক্টিভিস্ট সানু মিয়া (১৯৬৬ – ২০১৬) স্মরণে গত ৮ মে ২০২৬ পূর্ব লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে এক আবেগঘন স্মরণসভা অনুষ্ঠিত হয়। পরিবার-পরিজন, বন্ধু, সহযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতৃবৃন্দ একত্রিত হয়ে তাঁর জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বক্তারা তাঁকে কমিউনিটির জন্য নিরলসভাবে কাজ করা একজন নিবেদিতপ্রাণ মানুষ হিসেবে স্মরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল মালিক খোকন এবং সঞ্চালনা করেন স্বাধীন খসরু । অনুষ্ঠানের শুরুতে যৌথ আয়োজক ও সানু মিয়াকে নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থের যুগ্ম সম্পাদক আবদুল মালিক খোকন তাঁর বক্তব্যে সানু মিয়ার দীর্ঘদিনের কমিউনিটি সেবা, অসাম্প্রদায়িক আন্দোলন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদানের কথা তুলে ধরেন।

সানু মিয়ার শৈশবের বন্ধু ও শাপলা ইয়ুথ ফোর্স এর সদস্য আলী, জয়নাল উদ্দিন, তুরণ মিয়া, হারিস আলী ও জামাল তাঁদের স্মৃতিচারণায় সানু মিয়াকে একজন প্রাণবন্ত, নেতৃত্বগুণসম্পন্ন ও মানুষের পাশে থাকা ব্যক্তি হিসেবে বর্ণনা করেন।

অনুষ্ঠানে আরও স্মৃতিচারণ করেন সানু মিয়ার বোন জানা, সাবেক টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলর নূরউদ্দিন আহমদ, কবি শামীম আজাদ, লেখক ময়নুর রহমান বাবুল, রাজনীতিবিদ খসরুজ্জামান, সম্প্রচার ব্যক্তিত্ব রবিন হায়দার খান, অ্যাক্টিভিস্ট জামাল আহমেদ খান, ইয়াসমিন, সালেহা, সেচ্ছাসেবক লীগের চেয়ারম্যান সাদ আহমেদ সাদ , যুক্তরাজ্য নির্মূল কমিটির চেয়ারম্যান সৈয়দ এনামুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রাজনউদ্দিন জালাল এবং বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হরমুজ আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানু মিয়ার স্ত্রী মনোয়ারা খাতুন পারভীন ও ছেলে তানিম। পারভীন কথা বলতে গিয়ে এক সময় কান্নায় ভেঙে পড়েন। বক্তারা বলেন, সানু মিয়া ছিলেন একজন অনুপ্রেরণাদায়ী মানুষ, যিনি সারাজীবন কমিউনিটির কল্যাণে কাজ করে গেছেন এবং ভবিষ্যত প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন। তিনি ছিলেন শাপলা ইয়ুথ ফোর্স এর প্রতিষ্ঠাতা। তাঁর নেতৃত্বে শাপলা ইয়ুথ ফোর্স  ফুটবল দল বাংলাদেশে গিয়ে সেনাবাহিনী, বিডিআর, বিমানবাহিনীসহ বিভিন্ন জাতীয় দলের বিরুদ্ধে খেলেছিল। তিনি যুক্তরাজ্য নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং একজন সুপরিচিত কর্মী হিসেবে সম্মান অর্জন করেন। পাশাপাশি তিনি ছিলেন লেবার পার্টির সক্রিয় কর্মী, মৃত্যুর আগ পর্যন্ত সেচ্ছাসেবক লীগের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেন এবং ছিলেন একজন সাংস্কৃতিক সংগঠক।

সানু মিয়ার জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন আনসার আহমদ উল্লাহ। তিনি সানু মিয়ার মা, হামিদা বেগমের হাতে স্মারকগ্রন্থের একটি কপি তুলে দেন এবং পরে উপস্থিত অতিথিদের মধ্যেও তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে স্বাধীন খসরু স্মারকগ্রন্থ প্রকাশে সহায়তা প্রদানকারীদের ধন্যবাদ জানান। বিশেষভাবে তিনি জুয়েল রাজকে পুরো গ্রন্থটি টাইপ করার জন্য, হামিদ মোহাম্মদকে সম্পাদনার জন্য, মুসলেহ উদ্দিন আহমেদকে প্রকাশনার জন্যে এবং আরিফকে ডিজাইনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষদিকে সানু মিয়ার জীবন ও কর্ম নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্র প্রদর্শনের সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।


 

কমিউনিটি এর আরও খবর