শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় মহাবিপন্ন চিতা বিড়াল আহত
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সড়কের পাশ থেকে গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় একটি মহাবিপন্ন বন্যপ্রাণী চিতা বিড়াল (Leopard Cat) উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ মে) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল টি রিসোর্ট এন্ড মিউজিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতির কোন গাড়ির আঘাতে গুরুতর আহত হয়ে চিতা বিড়ালটি রাস্তার পাশে ছটফট করছিল এবং মৃত্যুর সঙ্গে লড়ছিল। অসহায় প্রাণীটির এই যন্ত্রণাকাতর অবস্থা দেখে সড়কে থমকে দাঁড়ান জাহান আহমেদ ও মোহাম্মদ মিলন নামের দুই মানবিক ব্যক্তি। তারা বুঝতে পারেন, দ্রুত ব্যবস্থা না নিলে বনের এই নিরীহ প্রাণটি হয়তো মারা যাবে। তারা কালবিলম্ব না করে তাৎক্ষণিকভাবে বিষয়টি ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’কে অবহিত করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও নিরব নাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত প্রাণীটিকে উদ্ধার করেন। পরে নিশ্চিত হওয়া যায়, এটি একটি মহাবিপন্ন চিতা বিড়াল, যা বাংলাদেশের বিরল বন্যপ্রাণীদের মধ্যে অন্যতম।
উদ্ধারকারীরা চিতা বিড়ালটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন। বর্তমানে প্রাণীটি কিছুটা সুস্থ হলেও তার উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন স্বপন দেব সজল। তিনি জানান,
\"আজ শুক্রবার হওয়ায় বন্যপ্রাণী চিকিৎসক পাওয়া যায়নি, যার কারণে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়নি। তারপরও প্রাণীটিকে বাঁচাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিকেলে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা শেষে চিতা বিড়ালটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।
প্রকৃতির এই নীরব ও অনিন্দ্যসুন্দর প্রাণীগুলো মানুষের অসচেতনতা এবং বনাঞ্চল সংলগ্ন সড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রতিনিয়ত চরম ঝুঁকির মুখে পড়ছে।
এ বিষয়ে প্রকৃতিপ্রেমী তারিক হাসান বনাঞ্চল ও এর আশপাশের সড়কে সকলকে অত্যন্ত সতর্কতার সাথে ও নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন।
পরিবেশবাদীদের মতে, আহত এই চিতা বিড়ালটির করুণ দশা মনে করিয়ে দেয় যে—মানুষ ও প্রকৃতির সহাবস্থান রক্ষায় আমাদের এখনই আরও বেশি দায়িত্বশীল হওয়া জরুরি।



















