img

জাফলংয়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে কিশোর নিহত

প্রকাশিত :  ১৬:০৫, ০১ জুন ২০২৬

 জাফলংয়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে কিশোর নিহত

সিলেট জেলার জাফলং পর্যটন স্পটে ঈদের ছুটিতে ঘুরতে এসে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় ওই কিশোর নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত ওই পর্যটক চট্রগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইমতিয়াজ হোসেন রাহি (১৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্রগ্রাম জেলার হাটহাজারী থেকে রাহীসহ তারা ১২জনের একটি দল সিলেটে ঘুরতে আসেন। সোমবার (১ জুন) বিকেলের দিকে রাহিসহ কয়েকজন মিলে সিলেটের জাফলং ঘুরতে যান। পরে জিরো পয়েন্ট এলাকার পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে গোসল করতে নামেন কয়েকজন। গোসলের একপর্যায়ে রাহি স্রোতের টানে পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তার গোয়াইনঘাট থানা পুলিশ ও ডুবুরিদল ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের দুই ঘন্টা পর সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জিরো পয়েন্ট এলাকা থেকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

img

টাঙ্গুয়ার হাওরে হাউসবোটের ছাদ থেকে পড়ে পর্যটক নিখোঁজ

প্রকাশিত :  ১০:০৭, ৩১ মে ২০২৬

সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে পানিতে পড়ে তামিম ইসলাম (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তামিম ইসলাম ধর্মপাশা উপজেলার গলুয়া গ্রামের মুজিবুর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা থেকে ‘মা-বাবার দোয়া’ নামের একটি হাউসবোটে প্রায় ৬০ জন কিশোর-তরুণ শনিবার টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসেন। তাঁরা টাঙ্গুয়ার হাওর এবং পার্শ্ববর্তী টেকেরঘাট এলাকার শহীদ সিরাজ লেক (নীলাদ্রি) ঘুরে দেখেন।

দুপুরে টেকেরঘাট থেকে ফেরার পথে হাউসবোটটি পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় পৌঁছালে তামিম ইসলাম ছাদ থেকে পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা অন্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তল্লাশি চালানো হলেও বিকেল পাঁচটা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই কিশোরকে উদ্ধারে সুনামগঞ্জ থেকে ডুবুরি দল এসেছে। পাশাপাশি স্থানীয়দের সহায়তায় নিখোঁজ কিশোরকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।

সিলেটের খবর এর আরও খবর