img

হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

প্রকাশিত :  ০৬:৫৮, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:২২, ১৬ অক্টোবর ২০২৬

হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামি এনামুল হাসান (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত এনামুল হাসান চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের রহমতাবাদ গ্রামের আব্দুর রফিকের ছেলে। কারা কর্তৃপক্ষ জানায়, গত ১৫ জুলাই একটি মাদক মামলায় তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

কারা কর্তৃপক্ষের ভাষ্য, বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে এনামুল হাসান বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন এনামুল হাসানের মা, ভাইসহ স্বজনরা।

নিহতের বড় ভাই কামরুল হাসান বলেন, ‘আমার ছোট ভাই ভোর ৫টার দিকে মারা গেছে। অথচ আমাদের খবর দেওয়া হয়েছে সকাল ৯টার দিকে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা মনে করছি, তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করার দাবি জানাই।’

হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, ভোরে ঘুম থেকে উঠে এনামুল বুকে ব্যথা অনুভব করলে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা জটিল মনে করলে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনামুল হাসানের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সিলেটের খবর এর আরও খবর

img

সুনামগঞ্জের যাদুকাটা থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের স্থগিতাদেশ

প্রকাশিত :  ০৭:৫৫, ১৬ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জ জেলার বৃহৎ বালুমহাল তাহিরপুর উপজেলাস্থ যাদুকাটা ১ ও ২ বালুমহাল থেকে বালু উত্তোলনের বিষয়ে গত ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছেন উচ্চ আদালত।

গত ৭ অক্টোবর এই স্থগিতাদেশ দেন আদালত। এরআগে গত ২ অক্টোবর যাদুকাটা বালু মহালের সাবেক ইজারাদার রতন মিয়া রিট পিটিশন দাখিল করেন।

হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী এবং বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রীটের শুনানি করে বিবাদীর প্রতি রুল এবং নাসির মিয়া নামে ভূমি মন্ত্রণালয়ের বালু উত্তোলনের আদেশ স্থগিত করেন।

উচ্চ আদালতের স্থগিতাদেশ বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সচিব ও সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন রীটকারী রতন মিয়া। তিনি জেলার তাহিরপুর উপজেলার ননাই গ্রামের মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের মালিক।

যাদুকাটা ১ বালুমহালের সাবেক ইজারাদার রীটকারী রতন মিয়া বলেন, আমি বৈধভাবে দরপত্রে অংশগ্রহণ করে বালুমহাল ইজারা নিয়েছিলাম। কিন্তু আগের মত দরপত্র আহ্বাবান না করেই ভূমি মন্ত্রণালয় থেকে এক জনকে বালু মহাল থেকে বালু উত্তোলনের আদেশ দেওয়া হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে রীট দাখিল করার পর আদালত স্থগিতাদেশ দিয়েছেন। আদালতের স্থগিতাদেশের বিষয়টি আমি আজ আবেদেনের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সচিব ও জেলা প্রশাসককে লিখিতভাবে অবগত করেছি। ’

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল বলেন, উচ্চ আদালতের আগের একটি আদেশ স্থগিত হয়েছে। বালু মহাল নিয়ে পরবর্তী করনীয় বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের মতামতের জন্য চিঠি লেখা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে আমরা ব্যবস্থা নেবো। এরমধ্যে উচ্চ আদালতের অন্য কোনো আদেশ এখনও পাওয়া যায়নি। আদালতের কোন আদেশ পাওয়া গেলে তা বাস্তবায়ন করা হবে।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের সায়রাত-২ শাখার সিনিয়র সচিব ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত একটি চিঠিতে যাদুকাটা বালুমহালের সাবেক ইজারাদার মেসার্স তাহিয়া স্টোন ক্রাশারের মালিক মো. নাছির মিয়াকে যাদুকাটা বালু মহাল থেকে বালু ‍উত্তোলনের সুযোগ দিতে সুনামগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছিল।

মো. নাছির মিয়া তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে আগামী ১ অক্টোবর থেকে ১৪ এপ্রিল (৩০ চৈত্র) পর্যন্ত বালু উত্তোলনের আদেশ পেয়েছিল মো. নাছির মিয়া।

ভূমি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসককে পাঠানো বালু উত্তোলনের অনুমতি প্রদানের চিঠিতে উল্লেখ করা হয়েছিল, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে বিগত অর্থ বছরে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান মেসার্স তাহিয়া স্টোন ক্রাশারকে বিগত ৩ বছরের গড় বাজার মূল্যের উপর অতিরিক্ত ১২ ভাগ কর ধার্যপূর্বক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহল হতে ১ অক্টোবর ২০২৬ হতে ১৪ এপ্রিল ২০২৭ সময়ের জন্য বালু উত্তোলনের অনুমতি প্রদান করা হলো।

সিলেটের খবর এর আরও খবর