img

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড়, চিকিৎসকের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত :  ০৯:১৯, ০২ জুন ২০২৬

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড়, চিকিৎসকের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

এডিশ মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় এবার মৌসুম শুরুর আগেই দেশজুড়ে ব্যাপক ও আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় নাগালের মধ্যে রাখতে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় এবং চিকিৎসকদের পরামর্শ ফি (ভিজিট) সম্পূর্ণ মওকুফ করার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে কোনো অবস্থাতেই যেন স্বাস্থ্যঝুঁকি বাড়ে, এমন ওষুধ প্রয়োগ না করার বিষয়েও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক’ এক উচ্চপর্যায়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, প্যাথলজি ল্যাব, বেসরকারি হাসপাতাল ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে নিয়ে ডেঙ্গু মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নির্ধারণে এই সভার আয়োজন করা হয়।

সভায় ডেঙ্গু রোগীদের শয্যা ও চিকিৎসা সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গুর সময়ে চিকিৎসা সংকট এড়াতে দেশের সব বেসরকারি হাসপাতালে মোট বেডের ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য বাধ্যতামূলকভাবে ফাঁকা রাখতে হবে। এছাড়া ডেঙ্গু পরীক্ষার খরচ সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনতে টেস্ট ফি-তে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে হবে। বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে চিকিৎসকেরা কোনো কনসালটেন্সি বা পরামর্শ ফি নিতে পারবেন না। রোগীরা শুধুমাত্র প্রয়োজনীয় ওষুধ এবং খাবারের খরচ বহন করবেন।

চিকিৎসা ব্যবস্থাপনা ও ওষুধের সঠিক প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগাক্রান্তদের ক্ষেত্রে যথাযথ নিয়মের বাইরে অন্য কোনো ওষুধ প্রয়োগ করা যাবে না। আন্তর্জাতিকভাবে ডেঙ্গুর কোনো ভ্যাকসিন এখনো সার্বজনীন বা চূড়ান্ত স্বীকৃতি পায়নি। এই কারণে বাংলাদেশে এখনই কোনো ধরনের ডেঙ্গু ভ্যাকসিন কার্যক্রম চালু করার পরিকল্পনা সরকারের নেই।

সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রাদুর্ভাব থেকে শিক্ষা নিয়ে সরকার এবার আগেভাগেই মশা নিধন এবং ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে নড়েচড়ে বসেছে। এই নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে সাধারণ মানুষের ভোগান্তি ও চিকিৎসা ব্যয় দুটোই উল্লেখযোগ্য হারে কমবে।

 


জাতীয় এর আরও খবর

img

দিল্লিতে উপদেষ্টার সঙ্গে ঘটনা অনাকাঙ্ক্ষিত, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত :  ১১:০৪, ১৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরের ইমিগ্রেশনে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ হিসাবে বর্ণনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। 

আজ সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

খলিলুর রহমান বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। আজকের দিন শেষে আমরা এ বিষয়ে আপনাদের জানাব।

সোমবার থেকে দিল্লিতে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) দুই দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

কিন্তু বিমানবন্দরে তাকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা, সে বিষয়টিও তারা স্পষ্ট করছিল না। এ পরিস্থিতিতে জাহেদ উর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের খবরে বলা হয়, জাহেদ উর রহমানকে বেশ কিছু সময় বিমানবন্দরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি দিলেও উপদেষ্টা জাহেদ তাতে সম্মত হননি।

কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। পরে তিনি সোমবার দুপু‌রে ঢাকায় ফি‌রে‌ছেন।


জাতীয় এর আরও খবর