img

যমুনা সেতু সংযোগ মহাসড়কে তীব্র যানজট, যাত্রীদের দুর্ভোগ

প্রকাশিত :  ০৬:২৩, ০৬ জুন ২০২৬

যমুনা সেতু সংযোগ মহাসড়কে তীব্র যানজট, যাত্রীদের দুর্ভোগ
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রীরা।
আজ শনিবার (৬ জুন) ভোর থেকে যমুনা সেতু গোলচত্বর থেকে কোনাবাড়ি ওভার ব্রিজ পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী লেনে কখনো স্থবির, কখনো বা ধীরগতিতে চলছে যানবাহন।

পুলিশ জানায়, ঈদের ছুটি শেষে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২টি জেলা থেকে গার্মেন্টস শ্রমিকরা একযোগে রাজধানীর দিকে রওনা হওয়ায় সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। শুক্রবার ভোরে যমুনা সেতুর ঢাকাগামী লেনে ঢাকায় চলাচল করা দুটি ফিটনেসবিহীন বাস যমুনা সেতুর ওপর বিকল হয়ে যায়। এতে উত্তরবঙ্গ থেকে রাজধানীগামী লেনে যানচলাচল বন্ধ হয়ে গেলে যানজটের সূত্রপাত হয়।
যা আজ শনিবারও অব্যাহত রয়েছে।

যানজটের ফলে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রী ও যানবাহনচালকরা। বিশেষত গার্মেন্টস শ্রমিকরা সঠিক সময়ে কর্মস্থলে ফিরতে না পারায় বিপাকে পড়ছেন।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ, রাতে বৃষ্টি, সেতুর ওপর দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
যানজট নিরসনে পুলিশের পাশাপাশি সেতু কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

জাতীয় এর আরও খবর

img

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

প্রকাশিত :  ১৪:২৭, ০৬ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:২৩, ০৬ জুন ২০২৬

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আজ শনিবার (৬ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়।

এছাড়া, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক উন্নয়নে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বৈঠকে।

দুই দেশের পক্ষ থেকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন ও রোহিঙ্গা সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ হয়।

বৈঠকের শুরুতে ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে স্বাগত জানিয়ে বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখায় তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়া, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে ভোট দেওয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাতের সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার রাতে তিন দিনের বাংলাদেশ সফরে সিউল থেকে ঢাকায় আসেন হাকান ফিদান। গতকাল শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

এরপর তিনি রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজার যান এবং রাতে ঢাকায় ফিরে আসেন।

জাতীয় এর আরও খবর