img

শ্রীমঙ্গলে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রকাশিত :  ০৯:৩৯, ০৬ জুন ২০২৬

শ্রীমঙ্গলে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লোকমান মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার (৬ জুন) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে উপজেলার সাতগাঁও চৌমোহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে চালক গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত লোকমান মিয়া উপজেলার লালবাগ এলাকার শাহ আলমের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস সাতগাঁও এলাকায় একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোলায়মান আকঞ্জি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। হাইড্রোলিক স্প্রেডারের সাহায্যে পিকআপ ভ্যানের ভেতর থেকে চালককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু বলেন, ভোর পৌনে ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আহমেদ জানান, দুর্ঘটনায় পিকআপ চালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ ভ্যান জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জাতীয় এর আরও খবর

img

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

প্রকাশিত :  ১৪:২৭, ০৬ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:২৩, ০৬ জুন ২০২৬

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আজ শনিবার (৬ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়।

এছাড়া, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক উন্নয়নে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বৈঠকে।

দুই দেশের পক্ষ থেকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন ও রোহিঙ্গা সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ হয়।

বৈঠকের শুরুতে ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে স্বাগত জানিয়ে বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখায় তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়া, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে ভোট দেওয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাতের সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার রাতে তিন দিনের বাংলাদেশ সফরে সিউল থেকে ঢাকায় আসেন হাকান ফিদান। গতকাল শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

এরপর তিনি রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজার যান এবং রাতে ঢাকায় ফিরে আসেন।

জাতীয় এর আরও খবর