১০ বছর এক সাথে থেকে বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার
ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের এই সময়ের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। পর্তুগালের এই তারকা ফুটবলার ২০১৬ সাল থেকে দীর্ঘ ১০ বছর বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আছেন। এই ১০ বছরে তারা ২ সন্তানের বাবা-মা। দীর্ঘদিন এক সঙ্গে থাকার পর এবার বান্ধবী জর্জিনাকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো।
রোনালদোর মোট পাঁচ সন্তান। তাদের দুই জনের মা জর্জিনা। রোনালদো-জর্জিনার সঙ্গেই থাকে পাঁচ সন্তান। তাদের সুখের সংসার এবার পূর্ণতা পেতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরে তাদের আনুষ্ঠানিক বিয়ে হতে পারে। প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী হতে পারেন সিআর সেভেন এবং জর্জিনা।
স্পেনের পত্রিকা ‘হোলা’র প্রতিবেদন অনুযায়ী, রোনালদো-জর্জিনা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত। যদিও তারা নিজেরা এ ব্যাপারে কিছু জানাননি।
গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোনালদো। সমাজমাধ্যমে প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা জানান জর্জিনা। রোনালদোর উপহার দেওয়া বহুমূল্য হীরের আংটির ছবিও ভালো করে নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে রোনালদো মজা করে বলেছিলেন, ‘বিশ্বকাপের পর বিয়ে করব। আশা করি, বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে বিয়ে করতে যেতে পারব।’
বিশ্বকাপের মাঝে স্পেনের পত্রিকাটির প্রতিবেদন নিয়ে মুখ না খুললেও প্রতিবাদও করেননি রোনালদো বা জর্জিনা। তাতে মনে করা হচ্ছে, প্রতিবেদনের দাবি সম্পূর্ণ ভুল নয়।
ফুটবল ক্যারিয়ারের প্রায় শেষ প্রান্তে চলে আসা ৪১ বছরের পর্তুগিজ তারকা হয়তো এবার সত্যিই বিয়ে করবেন। ‘হোলা’র প্রতিবেদন নতুন উন্মাদনা তৈরি করেছে ফুটবলপ্রেমীদের মধ্যেও।



















