img

ব্রাজিলের ফাইনালের টিকিট পেতে হারাতে হবে দুই বিশ্বচ্যাম্পিয়নকে

প্রকাশিত :  ১০:২৭, ২৯ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৩১, ২৯ জুন ২০২৬

ব্রাজিলের ফাইনালের টিকিট পেতে হারাতে হবে দুই বিশ্বচ্যাম্পিয়নকে

জাপানের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপের নকআউট পর্বে অভিযান শুরু করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে কোচ কার্লো আনচেলত্তির দল এখন কঠিন পরীক্ষার সামনে। কারণ, এই পর্বে একবার হারলেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ যাত্রা। তাই গ্রুপপর্ব পেরিয়ে আসা ৩২টি দলের প্রতিটি ম্যাচই এখন বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে।

আজ সোমবার (২৯ জুন) রাতে বাংলাদেশ সময় ১১টায় হিউস্টন স্টেডিয়ামে জাপানের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে জয় পেলেও দলের সামনে পথ সহজ হচ্ছে না বলে মনে করছেন কোচ কার্লো আনচেলত্তি। সামনের পথ যে কঠিন হতে যাচ্ছে, তা স্বীকারও করেছেন এই ব্রাজিল কোচ। তবে আপাতত সব মনোযোগ রাখা হচ্ছে জাপানের বিপক্ষের ম্যাচেই। 

আজকের ম্যাচে জিতলেই শেষ ষোলোতে জায়গা করে নেবে ব্রাজিল। ২০০২ বিশ্বকাপে তারা পঞ্চম ও সর্বশেষ শিরোপা জিতেছিল। এরপর থেকে বিশ্বসেরার মুকুট ফিরে পাওয়ার অপেক্ষা চলছে টানা ২৪ বছর। এই সময়ের মধ্যে ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানো ছাড়া বাকি চার আসরে তাদের যাত্রা থেমেছে কোয়ার্টার ফাইনালেই। তবে এবার পরিস্থিতি আরও কঠিন, কারণ ৪৮ দলের বিশ্বকাপে আগে শেষ ৩২ ও শেষ ১৬ ধাপ অতিক্রম করতে হবে।

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় উঠলে ব্রাজিল পাবে নরওয়ে কিংবা আইভরি কোস্টকে। শেষ ৩২-এর ম্যাচে এই দুটি দল পরস্পর লড়বে আগামীকাল (মঙ্গলবার) রাত ১১টায়। বিজয়ী দল শেষ ষোলোয় পাবে ব্রাজিল-জাপান ম্যাচে বিজয়ীদের। কোয়ার্টারে উঠলে ব্রাজিল লড়বে ইংল্যান্ড-গণতান্ত্রিক কঙ্গো ম্যাচে বিজয়ী দলকে। সে হিসেবে ১৯৬৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংলিশদেরই তাদের পাওয়ার সম্ভাবনা বেশি।

সেমিফাইনালে ব্রাজিলের সামনে পড়তে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দল এবারও বিশ্বসেরা হওয়ার লক্ষ্যে নেমেছে। শতভাগ জয়ে গ্রুপপর্বও পার করেছে আলবিসেলেস্তেরা। শেষ ৩২–এ তারা পেয়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে ইতিহাস গড়া কেপ ভার্দেকে। গতিপথ ঠিক থাকলে সেমিফাইনালেই দেখা হয়ে যেতে পারে বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার।

সেমিফাইনালে দুই লাতিন পরাশক্তির দেখা হলে ফুটবলভক্তদের প্রিয় একটি দলের বিদায় নিশ্চিত হয়ে যাবে। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে জয়ী দল ১৯ জুলাই দিবাগত রাত ১টায় ফাইনালে মাঠে নামবে। এর আগে ২৮ জুন দিবাগত রাতে শুরু হওয়া শেষ ৩২ পর্ব চলবে ৪ জুলাই পর্যন্ত। এরপর ৮ জুলাই পর্যন্ত শেষ ষোলো, ৯ থেকে ১২ জুলাই কোয়ার্টার ফাইনাল এবং ১৫-১৬ জুলাই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে ১৮ জুলাই দিবাগত রাতে। 

প্রসঙ্গত, ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় ব্রাজিল। গ্রুপপর্বে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও শেষ দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে সমান ৩-০ ব্যবধানে পরাজিত করে কার্লো আনচেলত্তির দল।


 

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

প্রকাশিত :  ২০:২১, ২৯ জুন ২০২৬

প্রথমার্ধে জাপানের গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। এরপর ক্যাসেমিরোর গোলে সমতায় ফিরে সেলেসাওরা। পুরো ম্যাচে দুর্দান্ত লড়াই শেষে ২-১ গোলের জয় শেষ ষোলোতে পা রাখলো সেলেসাওরা। 

ম্যাচের শুরু থেকে বলের দখল পুরোপুরি ছিল ব্রাজিলের দখলে। অন্যদিকে, ডিফেন্সিভ খেলতে থাকে জাপান। ৩ মিনিটে ব্রাজিল আক্রমণের সুযোগ পায়। বক্সের প্রান্ত থেকে ব্রুনো গিমারায়েসের শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে গোলবারের পাশ দিয়ে যায়।

পাঁচ মিনিটে ওপর দিয়ে বল বাড়ায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের সামনে বল পড়ার আগেই জাপানি গোলকিপার সুজুকি সামনে এগিয়ে এসে দুই হাত দিয়ে পাঞ্চ করে বল ক্লিয়ার করেন।

ম্যাচের ১৬ মিনিটে কামাদার নেওয়া ফ্রি-কিক ব্রাজিলের রক্ষণ দেওয়ালে লেগে মাঠের বাইরে চলে গেল। কর্নার পায় জাপান। জুনিয়া ইতোর ইন-সুইঙ্গিং কর্নারটি নিয়ার পোস্টে বিপজ্জনক হতে পারত, তবে হেড করে বল ক্লিয়ার করেন কাসেমিরো।

এরপর ম্যাচের ২৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ব্রাজিলের জালে বল পাঠান কাইশু সানো। ড্রিবলিংয়ের চমৎকার এক প্রদর্শনীর পর ডি বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত কোণাকুণি শটে বল জালে জড়ান তিনি। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান।

বিরতিতে থেকে ফিরে গোল পেতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। একের পর এক আক্রমণ চালায় তারা। ম্যাচের ৫৬ মিনিটে অবশেষে গোলের দেখা পায় সেলেসাওরা। গ্যাব্রিয়েল মাগালাইয়েসের ক্রসে কাসেমিরোর দারুণ এক হেডে সমতায় ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

এরপর একাধিক আক্রমণেও করে গোলে দেখা পাচ্ছিলো না ব্রাজিল। খেলা অতিরিক্ত সময়ে গড়ানোর দিকে যাচ্ছি। ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। গিমাইরেসের বাড়ানো বলে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির কোনাকুনি শট পোস্টে লেগে জালে জড়ায়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।