img

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

প্রকাশিত :  ০৮:০৯, ১৯ জুলাই ২০২৬

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে এমভি সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামবাজার ঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম দৈনিক ইত্তেফাককে জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়।

তিনি জানান, ট্রলারটি একদম নতুন। এতে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজন নিরাপদে উদ্ধার হলেও দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

img

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

প্রকাশিত :  ১৭:২৩, ১৭ নভেম্বর ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক। 

এ ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 
এর আগে মহাসড়কে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পর থেকে উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এছাড়া হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ও ভাঙচুর চালায় তারা।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তানজিরুল ইসলাম বলেন, রাজু মোল্লা নামে এক লোককে হাসপাতালে আনা হয়েছে। আমরা পরীক্ষার-নিরীক্ষা করে দেখতে পাই যে তিনি মারা গেছেন। 
এ ব্যাপারে রাজু মোল্লার চাচা লিয়াকত মোল্লা বলেন, আমার ভাতিজা রাজু মোল্লাকে আওয়ামী লীগের লোকজন হামলা করে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই। 
এদিকে ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল বলেন, আমাদের উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে মেরে ফেলেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা হামলা করেছে, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। 

এদিকে কৃষক দল নেতা নিহতের ঘটনার পর উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতারা মহাসড়কে অবস্থান নিয়েছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।