img

রোনালদো এখন আর্জেন্টিনার জামাই

প্রকাশিত :  ০৮:৩৫, ১২ আগষ্ট ২০২৬

রোনালদো এখন আর্জেন্টিনার জামাই

দীর্ঘদিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

জর্জিনা রদ্রিগেজ আর্জেন্টিনার নাগরিক হওয়ায় বিয়ের পর রোনালদোকে মজার ছলে ‘আর্জেন্টিনার জামাই’ বলেও অভিহিত করছেন ভক্তরা। দীর্ঘদিনের সম্পর্কের পর তাঁদের এই বিয়ে ফুটবল ও বিনোদনজগতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রোনালদো-জর্জিনার ১০ বছরের প্রেম অবশেষে পূর্ণতা পেল গত রাতে। পর্তুগিজ সংবাদমাধ্যম জানিয়েছে, লিসবনের কাছাকাছি কাসকাইস এলাকায় তারা গাঁটছড়া বেঁধেছেন। তাদের পাঁচ সন্তান বিয়েতে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন রোনালদো। ছবিতে দেখা গেছে, জর্জিনার হাতের ওপর হাত রেখেছেন তিনি। দুজনেই আংটি পরেছিলেন। ক্যাপশনে ‘সি’ ও ‘জি’ দুটি শব্দ পোস্ট করে সেটার মাঝে ভালোবাসার ইমোজি দিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। সামাজিক মাধ্যমে এই ছবি পোস্টের ৩০ মিনিটের মধ্যেই সেখানে ৩০ লাখেরও বেশি লাইক পড়ে যায়।

সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে গত বছরের ১১ আগস্ট রোনালদো-জর্জিনা নিজেদের বাগদত্তা হওয়ার খবর জানান দিয়েছেন। সেই সময় জর্জিনা একটি বড় আংটির ছবি পোস্ট করে স্প্যানিশ ভাষায় লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও এবং আমার সব জীবনেই।’ ঠিক তার এক বছরের মাথায় দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

কদিন আগে রোনালদো-জর্জিনার বিয়ের গুঞ্জনে ফুনশাল ক্যাথেড্রালে ভিড় জমে গিয়েছিল। উপস্থিত দর্শকেরা পরে জানতে পেরেছিলেন, পাত্র-পাত্রী আসলে অন্য কেউ। ফুনশাল ক্যাথেড্রাল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে সবকিছু স্পষ্ট করে দিয়েছিল। রোনালদোও এই পোস্টে মজার ইমোজি দিয়েছিলেন।

দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদো করেন ৯৭৬ গোল। ক্লাব ক্যারিয়ারে স্পোর্তিং সিপি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস হয়ে এখন আল নাসরে খেলছেন পর্তুগিজ ফরোয়ার্ড। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ২৩৩ ম্যাচে করেন ১৪৬ গোল। যা আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল। কদিন আগে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।

রোনালদোর বাগদত্তা জর্জিনার জন্ম আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। ২০১৬ সালে মাদ্রিদে গুচির একটি শো-রুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। রোনালদোও তখন খেলতেন রিয়াল মাদ্রিদে। তখন থেকেই রোনালদো-জর্জিনার প্রেমের শুরু। ১০ বছর পর গতকাল লিসবনে তাঁদের প্রেম পেল পূর্ণতা।

তথ্যসূত্র : এনডিটিভি


img

শ্রীলঙ্কার স্বপ্ন ভেঙে চুরমার করে সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত :  ১৬:০৯, ১১ নভেম্বর ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ আগেই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা। দলের জয়ে গোল করেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ও রাকিব।

বুধবার রাজধানীর গুলিস্তান জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হয় খেলা। ম্যাচের শুরু থেকেই উজ্জ্বীবিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলে বাংলাদেশ। পাঁচ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়া শট পোস্টের একটু ওপর দিয়ে যায়। 

বাংলাদেশের গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। খেলার মাত্র ৮মিনিটে হামজা গোলের আক্রমণ রচনা করেন। ডান প্রান্ত থেকে তার ক্রস লংকান গোলরক্ষক সুজন পেরেরা বল গ্রিপ করতে পারেননি। বক্সে থাকা শমিত সোম শট নেন। প্রথম দফায় তার নেওয়া শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি শটে শমিত বল জালে জড়ান। গ্যালারি তখন গোলের আনন্দে মাতে। 

খেলার ৪৩তম মিনিটে ইব্রাহিমের বাড়ানো পাস বক্সের বাইরেই পেয়েছিলেন হামজা। দৌড়ে তিনি পেছনে ফেলেন শ্রীলংকার এক ডিফেন্ডারকে। এরপর তার শট শ্রীলংকার গোলকিপার সুজন পেরেরার শরীরে লেগে বল জালে জড়িয়েছে। সেই গোলে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

বিরতি থেকে ফিরে ৫৩মিনিটে দুর্দান্ত একটি গোল করেন ফারহান আলী। বক্সের সামান্য বাইরে বল পেয়েছিলেন ফারহান। বাঁদিকে একটু একটু করে বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটান তিনি। ফিনিশিং টাচটাও এসেছে তার পা থেকেই। শ্রীলংকার ফুটবলররা শুধু অসহায়ের মতো তাকিয়ে ছিলেন ফারহানের দিকে। সামনে দাঁড়ানো হামজার চোখেমুখে ছিল অবিশ্বাস। ম্যাচের ৫৩তম মিনিটে গোল করার পর ফারহানকে মাথায় তুলেছেন সাদ উদ্দিন ও অন্য ফুটবলাররা।