img

ইতালিতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে বাঁধনকে হেনস্তা, ‘জয় বাংলা’ বলতে চাপ

প্রকাশিত :  ০৬:০৮, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে বাঁধনকে হেনস্তা, ‘জয় বাংলা’ বলতে চাপ

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হামলার শিকার হয়েছেন। বাংলাদেশে নিষিদ্ধ ছাত্রলীগের ভেনিস শাখার কর্মী ও নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করা একদল যুবক তাকে মৌখিকভাবে হেনস্তার পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, একদল যুবক বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করে। এ সময় তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলার জন্য চাপ প্রয়োগ করে তারা। হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে।

এ ঘটনার পর ফেসবুক লাইভে এসে বিস্তারিত জানান বাঁধন। তিনি বলেন, ‘আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ফিজিক্যালি হ্যারাস করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই। তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে।’

এ ছাড়া তার ভাইয়ের স্ত্রীকেও আঘাত করা হয়েছে বলে ভিডিও বার্তায় জানান বাঁধন।

তাকে দমানো এত সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি। তাকে ‘জুলাই জঙ্গি’ বলার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘তারা বলেছে, আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন। বর্তমানে তিনি মেস্ত্রে শহরে অবস্থান করছেন।


img

এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন : মম

প্রকাশিত :  ১০:৪২, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:০৯, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন।

তিনি বলেন, ‘কিচ্ছু ঠিক হচ্ছে না! এই কর্মকাণ্ডগুলোর কোনটাই ভালো হচ্ছে না!’

পোস্টে মম নাগরিক জীবন অনিরাপদ জানিয়ে লেখেন, মাদ্রাসায় যৌন হয়রানি, ভিন্নমত ও ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন, রাজনৈতিক দল বা মতের প্রতি অন্ধ আনুগত্য, খুন, সন্ত্রাস, রাহাজানি, শিশু নিখোঁজ ও ধর্ষণের মতো ঘটনাগুলো সমাজে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করছে।

তিনি আরও বলেন, ‘শিক্ষিত বেকারত্ব, নারীর প্রতি অসম্মান এবং নিজের মতের বাইরে থাকা মানুষকে ‘খারাপ’ হিসেবে চিহ্নিত করার প্রবণতাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।’

তার বক্তব্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয় নিয়েও উদ্বেগের কথা উঠে এসেছে। মাজার উচ্ছেদ, মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান, ঐতিহাসিক মুরাল ভেঙে ফেলা, সিনেমা প্রদর্শনী বন্ধের দাবি, নাচ-গান, শিল্প-সাহিত্য ও নৌকাবাইচের মতো সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আপত্তি সমাজের জন্য উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন তিনি।

অভিনেত্রী তার পোস্টে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন। সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে এনসিপির জামায়াতের সাথে যোগদান এবং ধর্মের নামে রাজনীতির চর্চা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

এর পাশাপাশি ভুতুড়ে বিদ্যুৎ বিল, গ্যাসের সংকট, সড়কে অনিয়ম ও নাগরিক নিরাপত্তাহীনতার মতো দৈনন্দিন সমস্যার কথাও তুলে ধরেছেন তিনি।

তার ভাষ্য, ‘আমরা সাধারণ মানুষ প্রতারিত হয়েছি এবং হচ্ছি।’

সামাজিক মাধ্যমে মম নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেন। তার ভাষায়, ‘আমি কোনও রাজনৈতিক দল করি না, আমার একটাই দল—বাংলাদেশ। এ দেশটা সুস্থ থাকুক, সেটাই চাই।’

বিনোদন এর আরও খবর