img

রাতে ঢাকায় পৌঁছাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

প্রকাশিত :  ১৩:৫১, ০২ অক্টোবর ২০২৬

রাতে ঢাকায় পৌঁছাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে রাশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে একটি কার্গো বিমান। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাশিয়া থেকে রওনা হওয়া বিমানটি ভারতে যাত্রাবিরতি করে ঢাকায় আসবে বলেও জানা গেছে।

এর আগে ২৪ তারিখে ইউরেনিয়ামের চালান আসার কথা ছিল। রাশিয়া ও বাংলাদেশ কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিলেও তা বাতিল হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রসাটম)।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। গত বুধবার সকালে ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার-অপারেটেড রিলিফ ভাল্ভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

 গতকাল বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম এক বার্তায় জানায়, ত্রুটি সারিয়ে মঙ্গলবার রাতে শুরু হওয়া পরীক্ষা বুধবার সকালে সফলভাবে শেষ হয়। প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ, উভয় জায়গা থেকেই পরীক্ষা পরিচালনা করা হয়। এতে নিয়ন্ত্রণ ভাল্বগুলোর কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রধান নিরাপত্তা ভাল্বের কার্যক্রম ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় ভাল্বের খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করা হয়। অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত মেনেই পুরো পরীক্ষা পরিচালনা করা হয়েছে।

জানা গেছে, রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রসাটম ও এর সহযোগী প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

img

গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ কারখানার শ্রমিক

প্রকাশিত :  ০৮:২৯, ২১ নভেম্বর ২০২৬

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। শনিবার গাজীপুর মহানগর ও জেলার কোথাও নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, জেলায় প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে। অন্যদিকে শ্রমিকদের কর্মবিরতির মুখে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অন্তত ৫০টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কারখানায় প্রবেশ করছেন। চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী সড়কের বেশির ভাগ কারখানাও খোলা রয়েছে।

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ছিল স্বাভাবিক।

ভোগড়া এলাকার এক পোশাকশ্রমিক বলেন, ‘বেতন বাড়ানোর দাবির সঙ্গে আমরা একমত। কিন্তু কারখানায় এসে কাজ না করে বাড়ি ফিরে যেতে খারাপ লাগে।’

শ্রমিকরা আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে, এমন প্রত্যাশা নিয়ে কাজে ফিরছেন বলে মনে করেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন।

তিনি বলেন, শ্রমিকরা মনে করছেন, মজুরি বোর্ড তাদের বেতন বাড়ানোর নিশ্চয়তা দিচ্ছে। এ কারণে তারা কাজে যোগ দিচ্ছেন। তবে মালিকপক্ষ এখনো বেতন বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত কোনো প্রস্তাব দেয়নি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শনিবার সকাল পর্যন্ত মহানগর ও জেলার কোথাও মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে।

শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে।

গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মবিরতিতে বেশ কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। শিল্প পুলিশ, শ্রমিক ও শ্রমিকনেতাদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে অধিকাংশ কারখানার শ্রমিক শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেন। পরে কর্তৃপক্ষ কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে।

সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি কারখানায় শ্রমিকরা প্রবেশ করলেও কাজ না করে নিচে অবস্থান নেন। পরে কর্তৃপক্ষ সেখানে সাধারণ ছুটি ঘোষণা করে। একইভাবে আরো কয়েকটি কারখানায় শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কর্মবিরতি শুরু করলে সেগুলোতেও ছুটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা সকাল ৭টায় চালু হয়। শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজে অংশ না নিয়ে বসে থাকেন। কর্মবিরতির মুখে পরে অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া সকাল ১১টার দিকে জানান, শ্রম আইনের ১৩(১) ধারায় এ অঞ্চলে ১১টি কারখানা বন্ধ রয়েছে। নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দুটি কারখানায়। এ ছাড়া সকালে শ্রমিকদের কর্মবিরতির মুখে কর্তৃপক্ষ আরো ৫০টি কারখানায় শনিবারের জন্য ছুটি ঘোষণা করেছে।