img

দিল্লিতে বিক্ষোভ: মমতার পর এবার আটক অরবিন্দ কেজরিওয়াল

প্রকাশিত :  ১১:৫০, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৫১, ১০ অক্টোবর ২০২৬

দিল্লিতে বিক্ষোভ: মমতার পর এবার আটক অরবিন্দ কেজরিওয়াল

দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আম আদমি পার্টির (আপ) প্রধান ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ। শনিবার দিল্লির লোধি এস্টেট এলাকায় তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে দলের অন্য নেতারাও ছিলেন।

আটক হওয়ার আগে একটি বাস থেকে ভিডিও শেয়ার করেন কেজরিওয়াল। ভিডিওতে তিনি জানান, দিল্লি পুলিশ তাকে এবং আপের নেতা সঞ্জয় সিংসহ দলের অন্য নেতাদের আটক করেছে। বাসে থাকা বিক্ষোভকারীদের ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শোনা যায়।

যন্তর মন্তরে সিইসির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে ‘দিল্লি চলো’ আহ্বান জানানোর কয়েক মিনিট পরই কেজরিওয়ালকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে কেজরিওয়াল বলেন, ‘এই স্বৈরাচারকে আমরা ভয় পাব না।’

দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে বিক্ষোভকারীরা।

দিল্লিতে বিক্ষোভকারীদের আটক ও কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আটক করা হয় বলে খবর প্রকাশিত হয়েছে।


আন্তর্জাতিক এর আরও খবর

img

‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

প্রকাশিত :  ১৯:১১, ১০ অক্টোবর ২০২৬

মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে দিল্লিতে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’। শনিবার (১০ অক্টোবর) আলাপ্পুঝায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।

তিনি বলেন, সংবিধান ও জনগণের ভোটাধিকার সুরক্ষার চলমান লড়াইয়ের অংশ হিসেবে আগামী সোমবার রাজধানী দিল্লিতে এক বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। এই ইস্যুতে ইতোমধ্যে নিজেদের উদ্বেগের কথা জানাতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন জোটের শীর্ষ নেতারা। পাশাপাশি, আগামী সোমবারে ভারতের প্রধান বিচারপতির সঙ্গেও তাদের দেখা করার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার অপচেষ্টার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তীব্র সমালোচনা করেন বেণুগোপাল। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনারকে আড়াল করার এই প্রক্রিয়াই মোদি ও শাহের পতনের কারণ হবে।

তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী মোদির আচরণ দেখে মনে হচ্ছে তিনি পতনের দ্বারপ্রান্তে রয়েছেন। বিরোধীদের আন্দোলনকে তিনি ভয় পাচ্ছেন। ককরোচ জনতা পার্টির ঘোষিত শনিবারের বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে রীতিমতো লকডাউন জারি করেছে সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো স্টেশন ও সারা দেশের সঙ্গে দিল্লির রেল যোগাযোগ। মাঠে নামানো হয়েছে হাজার হাজার সশস্ত্র পুলিশ সদস্য।

একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থা গড়ে না ওঠা পর্যন্ত কংগ্রেস এবং ইন্ডিয়া জোট লড়াই চালিয়ে যাবে বলে জানান এই নেতা। কেরালার ভোটার তালিকা সংশোধন (এসআইআর) নিয়ে দলের সতর্ক নজরদারির কথা উল্লেখ করেন কে সি বেণুগোপাল। এছাড়া, নির্বাচন কমিশনের প্যাডে বিজেপির \'পদ্ম\' প্রতীক ফুটে ওঠার মতো সাম্প্রতিক বিতর্কের দিকেও তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

আন্তর্জাতিক এর আরও খবর