ব্রিটিশ সর্বদলীয় সংসদীয় গ্রুপের প্রতিনিধিদলের সিলেট সফর সমাপ্ত
মোহাম্মদ গোলাম কিবরিয়া, লন্ডন: বাংলাদেশে সপ্তাহব্যাপী সফরের শেষ পর্যায়ে ব্রিটিশ সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) প্রতিনিধিদল সিলেট জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে।
ঢাকায় বাংলাদেশ সরকার, সংসদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠক এবং কক্সবাজারে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এর সঙ্গে বৈঠকের পর প্রতিনিধিদলটি শুক্রবার, ৯ অক্টোবর সিলেটে পৌঁছায়।
সিলেটে পৌঁছে প্রতিনিধিদল ব্র্যাকের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে। তাদের সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে স্বাগত জানানো হয় এবং ব্র্যাক লার্নিং সেন্টারে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
গোলটেবিল আলোচনায় অংশ নেন সিলেটের প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল মামুন এবং সিলেট প্রেস ক্লাবের সভাপতি জনাব মোকতাবিস নুর।
সিলেটে তাদের আলোচনার বিষয় ছিল লিঙ্গভিত্তিক সহিংসতা, শিক্ষা ও কর্মসংস্থান, অবকাঠামো, ভূমি অধিকার ও বিরোধ, ভিসা ও কনস্যুলার সেবা এবং সিলেট বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সংযোগ।
১০ অক্টোবর, প্রতিনিধিদল বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত গোলটেবিল পরামর্শ সভায় অংশ নেয়। প্রতিনিধিদল সিলেট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও আইন বিশেষজ্ঞদের পাশাপাশি চা বাগানের শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করে। আলোচনায় নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা ও আইনি প্রতিকার, শ্রম অধিকার ও শ্রম পরিবেশ, সংখ্যালঘু গোষ্ঠীর অধিকার ও সামাজিক উদ্যোগের মতো বিষয়গুলো উঠে আসে।
বিকেলে, দলটি ব্র্যাকের সঙ্গে উরাং (ওরাওঁ) সম্প্রদায় পরিদর্শন করে, যাতে এই অঞ্চলের আদিবাসী ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সমস্যাগুলো আরও ভালোভাবে বোঝা যায়। তারা ব্র্যাকের আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের অংশগ্রহণকারীদের সঙ্গেও দেখা করে সিলেটের উন্নয়ন সম্পর্কে ধারণা নেয়।
১১ অক্টোবর, প্রতিনিধিদল ব্লাস্টের সিলেট ইউনিট পরিদর্শন করে এবং বিচার বিভাগের কর্মকর্তা, আইনজীবী ও প্যারালিগালদের সঙ্গে সাক্ষাৎ করে। তারা একসঙ্গে আইনি সহায়তা এবং পরামর্শ ও সহায়তা প্রাপ্তির সুযোগ নিয়ে আলোচনা করে।
প্রতিনিধিদলের এই সফরে সহায়তা করেছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইউকে (সিপিএ ইউকে)।



















