img

বিশ্ববাজারে কমলেও দেশে বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত :  ০৫:৪০, ২৮ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে কমলেও দেশে বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে গত এক সপ্তাহে তিন দফায় কমেছে স্বর্ণের দাম। তবে বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বৃদ্ধির কারণ দেখিয়ে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের অলংকারের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

আন্তর্জাতিক স্পট মার্কেটে সব শেষ মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্রিনিচ মান সময় (জিএমটি) ১০টা ৪২ মিনিটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে ৪ হাজার দশমিক ৫২ ডলারে নেমে আসে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর কমেছে ০.৬ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ১৪ দশমিক ৪০ ডলারে। শক্তিশালী মার্কিন ডলারের চাপে মূল্যবান এই ধাতুর দর নিম্নমুখী হয়েছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের নিম্নমুখী প্রবণতা থাকলেও বুধবার (২৮ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর তথ্য জানায় বাজুস। নতুন এ দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

এর আগে, গত ২৫ অক্টোবর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই দাম ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে কার্যকর হয়।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণালংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রৌপ্য অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ১২৭ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬১ বার দাম বাড়ানো হয়েছে, ৬৫ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।


অর্থনীতি এর আরও খবর

img

আজ (২৮ অক্টোবর) ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

প্রকাশিত :  ০৮:৪৩, ২৮ অক্টোবর ২০২৬

আজ ২৮ অক্টোবর বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ১৮ কোটি ৫১ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ৪৫টি লেনদেনে ৪৩ লাখ ৯১ হাজার ৯৬৫টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের, যার পরিমাণ ৫ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি, যার লেনদেনের পরিমাণ ৪ কোটি ৭৭ লাখ ১০ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্‌, যার ২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা, রেনাটা পিএলসি ৭৮ লাখ ৯৬ হাজার টাকা।

অর্থনীতি এর আরও খবর