img

শ্রীমঙ্গলে জগদ্বন্ধু মন্দিরে ভারতের সহকারী হাইকমিশনার

প্রকাশিত :  ১৬:১১, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:১৩, ৩১ অক্টোবর ২০২৬

শ্রীমঙ্গলে জগদ্বন্ধু মন্দিরে ভারতের সহকারী হাইকমিশনার
সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু মন্দির ও আশ্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে মন্দির ও আশ্রমে পৌঁছে তিনি প্রথমে প্রভু জগদ্বন্ধুর মন্দিরে প্রণাম করেন। পরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখা, পূজা উদযাপন ফ্রন্ট এবং বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতারা তাঁকে ফুলের তোড়া দিয়ে বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু মন্দির ও আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি প্রীতম বন্ধু ব্রহ্মচারী, শ্রীমঙ্গল সার্বজনীন দুর্গাবাড়ি পরিচালনা পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ও শিক্ষাবিদ লোকেশ রঞ্জন দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জহর তরপদার এবং জুয়েলার্স মালিক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শংকর বণিক।
এ ছাড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা এবং স্থানীয় গুণীজন উপস্থিত ছিলেন।

সিলেটের খবর এর আরও খবর

img

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ৪০ফুট নিচে মোটর সাইকল, ফুটবলারের মুত্যু

প্রকাশিত :  ০৭:৫৩, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:৩৬, ৩১ অক্টোবর ২০২৬

সিলেট জেলার বালাগঞ্জে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় ৪০ ফুট নিচে পড়ে ফুটবলার সাইফুর রহমান আলিম (২২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের রিফাতপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র।

মোটর সাইকেলে থাকা অপর দুই আরোহী একই গ্রামের ওয়াব মিয়ার ছেলে ওয়ছে আহমদ (২১) ও আনছার মিয়ার ছেলে রাফি আহমদ (২০) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বালাগঞ্জ ইউনিয়নের বির্ত্তনীয়া গ্রাম এলাকায় এদুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সাইফুরকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে সিলেট শহরের দুটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজন রাতে তাদের এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। ফেরার পথে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উঁচু সড়ক থেকে প্রায় ৪০ ফুট নিচে মোটর সাইকেলসহ হাওড়ের পানিতে পড়ে যান তারা। সড়কের পাশে বসানো ঢালাই করা ব্লকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই সাইফুরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা নজরুল ইসলাম নামের যুবক জানান, ভোর চারটার দিকে আহত ওয়েছ আহমদ তাদের বাড়িতে গিয়ে বাড়ির লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি জানান। বাড়ির লোকজন সেখানে গিয়ে সাইফুরের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তিনজনকে গাড়ি তুলে সিলেট শহরে নিয়ে যান, ততক্ষণে ভোর গড়িয়ে সকাল হয়ে যায়।

সাইফুরের ইউরোপে যাওয়ার প্রসেসিং চলছিল বলে তার স্বজনরা জানিয়েছেন।

বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সকালে থানা পুলিশকে বিষয়টি অবহিত করি।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ তদফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সিলেটের খবর এর আরও খবর