img

কুলাউড়ায় বিজিবির টহল দলের ওপর চোরাকারবারিদের হামলা, সতর্কতামূলক গুলি

প্রকাশিত :  ০৭:৪৬, ০৯ নভেম্বর ২০২৬

কুলাউড়ায় বিজিবির টহল দলের ওপর চোরাকারবারিদের হামলা, সতর্কতামূলক গুলি

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় অবৈধ সিগারেট জব্দের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দলের ওপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ চোরাকারবারিরা। এ সময় আত্মরক্ষা ও সরকারি সম্পদের নিরাপত্তায় এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। পরে হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দত্তগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে সীমান্ত পিলার ১৮৫১/১৩-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘সাইমের ঘাট’ এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করে বিজিবির একটি দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়। উদ্ধার করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।

বিজিবি জানায়, অভিযান চলাকালে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল অতর্কিতভাবে টহল দলের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সদস্যদের জীবন ও সরকারি মালপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা এক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা অভিযান ও তল্লাশি অব্যাহত রেখে জব্দ করা সিগারেটগুলো নিরাপদে উদ্ধার করেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান গণমাধ্যম কর্মীদের বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সিলেটের খবর এর আরও খবর

img

কমলগঞ্জে ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’ সম্পন্ন

প্রকাশিত :  ০৭:৩৪, ০৯ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’।

বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ (বামসাস), সেন্ট্রাল কমিটির উদ্যোগে এবং কমলগঞ্জ ব্রাঞ্চের সহযোগিতায় শুক্রবার (৬ নভেম্বর) দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মণিপুরি কালচারাল কমপ্লেক্স, তেতইগাঁও, আদমপুরবাজার, কমলগঞ্জে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশসহ ভারত ও পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, কবি ও শিল্পীরা অংশ নেন।

এই পর্বে প্রখ্যাত সাহিত্যিক অধ্যাপক নোংমাইথেম তোম্বীর ওপর একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়, যার মূল বিষয়বস্তু ছিল— \"প্রোফেসর নোংমাইথেম তোম্বী (অ্যা গ্রেট এক্সপোনেন্ট ওফ মণিপুরী লিটরেচার)\"।

বামসাস সেন্ট্রাল কমিটি, সিলেটের প্রেসিডেন্ট এল. প্রশান্ত কুমার সিংহের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি নামব্রম শংকরের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রিপুরার বিশিষ্ট কবি ও নাট্যকার এল. কুমার সিংহ, ভান্ডারীগাঁও হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইবম বীরেন্দ্র সিংহ এবং ভারতের মণিপুর থেকে আগত গবেষক ও অধ্যাপক নোংমাইথেম তোম্বীর কন্যা ড. অনুরাধা নোংমাইথেম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ত্রিপুরার মণিপুরি সাহিত্য পরিষদের সভাপতি ও লেখক এল. বীরমঙ্গল সিংহ এবং স্বাগত বক্তব্য রাখেন বামসাস সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট এ কে শেরাম।

২য় পূর্বে দুপুর ২টায় কবি সম্মেলনে চোমওংবী কৈনাহান দেবী ও রওশন আরা বাঁশি খৃৎহৈবম-এর যৌথ সভাপতিত্বে আয়োজিত এই কবি সম্মেলনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আসামের কাছাড় থেকে আগত কবি তাহির সাজবম, পশ্চিমবঙ্গের কলকাতার কবি রঞ্জিতা সরকার এবং ত্রিপুরার আগরতলার কবি এল. মিনা দেবী ও কবি থৌদাম নীলকুমার। বামসাস কমলগঞ্জ ব্রাঞ্চের পাব্লিকেশন সেক্রেটারি কবি অয়েকপম অঞ্জুর পরিচালনায় এ পর্বে আমন্ত্রিত কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

আলোচনা সভা ও ‘নীলিমা সিনহা মেমোরিয়েল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয় তৃতীয় সেশন, যার মূল আকর্ষণ ছিল আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা। বামসাস সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট এ কে শেরাম-এর সভাপতিত্বে এবং ফাইনান্স সেক্রেটারি নীহার রঞ্জন শর্মার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেটের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ও কবি নিতাই সেন, কমলগঞ্জ মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল. জয়ন্ত সিংহ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বামসাস কমলগঞ্জ ব্রাঞ্চের প্রেসিডেন্ট এল. ইবুংহাল সিংহ শ্যামল।

এবারের সম্মেলনে মণিপুরি সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের মণিপুরি বিভাগের অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. হাওরোংবম রাজমনি সিংহ-কে মর্যাদাপূর্ণ ‘নীলিমা সিনহা মেমোরিয়েল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়।

দিনব্যাপী এই আয়োজনের শেষ পর্যায়ে এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বুদ্ধ্রাকপম সমেন্দ্র সিংহের (জয়েন্ট সেক্রেটারি, বামসাস সেন্ট্রাল কমিটি) পরিচালনায় অনুষ্ঠিত এই সাংস্কৃতিক পর্বে মণিপুর, সিলেট এবং ভানুগাছ অঞ্চলের আমন্ত্রিত খ্যাতনামা শিল্পীরা মণিপুরি ঐতিহ্যবাহী নৃত্য ও লোকসংগীত পরিবেশন করেন। দেশ-বিদেশ থেকে আগত সাহিত্যপ্রেমী ও দর্শকের উপস্থিতিতে সম্মেলনটি এক মহামিলনমেলায় পরিণত হয়।

সিলেটের খবর এর আরও খবর