img

টাওয়ার হ্যামলেটসে পালিত হচ্ছে রিমেমব্রেন্স ডে

প্রকাশিত :  ০৭:৪৪, ১২ নভেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটসে পালিত হচ্ছে রিমেমব্রেন্স ডে

টাওয়ার হ্যামলেটসে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে রিমেমব্রেন্স ডে বা  স্মরণ দিবস।  এ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন স্থানে একাধিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে যুদ্ধ ও বিভিন্ন সংঘাতে আত্মত্যাগকারী সামরিক বাহিনী, মার্চেন্ট নেভি এবং বেসামরিক ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর মধ্যে মার্চেন্ট নেভি মেমোরিয়ালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলের চীফ এক্সিকিউটিভ স্টিভ হোলসি, স্পিকার কাউন্সিলার মুস্তাক আহমেদ এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অন্যান্য প্রতিনিধিরা।

এছাড়া লাইমহাউসের সেন্ট অ্যান’স চার্চ, বেথনাল গ্রিন চার্চ অ্যান্ড গার্ডেনস, স্টেপনির সেন্ট ডানস্টান অ্যান্ড অল সেইন্টস চার্চ, সেন্ট জর্জ ইন-দ্য-ইস্ট চার্চ এবং মিলওয়ালের সেন্ট লুকস চার্চে পৃথক স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্মরণ দিবস উপলক্ষে টাওয়ার হ্যামলেটস টাউন হল ৮ নভেম্বর রিমেমব্রেন্স সানডে থেকে ১১ নভেম্বর পর্যন্ত লাল, সাদা ও নীল রঙের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। একই সময়ে সম্মান ও শ্রদ্ধার প্রতীক হিসেবে ইউনিয়ন পতাকাও অর্ধনমিত রাখা হয়েছে।

উল্লেখ্য নভেম্বর মাস জনগনের এক বিশেষ সময়। এ মাসে মানুষ স্মরণ করেন যারা দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান। ২০২৬ সালের ১১ নভেম্বর বুধবার সকাল ১১টায় রিমেমব্রেন্স ডে বা স্মরণ দিবস পালন করা হয়।

রিমেমব্রেন্স ডে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটানো অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরের বার্ষিকীকে স্মরণ করে। একই সঙ্গে এটি দুই বিশ্বযুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন সংঘাতে কর্মরত সামরিক বাহিনী, মার্চেন্ট নেভি এবং বেসামরিক কর্মীদের সেবা ও আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের দিন।


কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে সাশ্রয়ী আবাসন নির্মাণে নতুন মাইলফলকঃ জমা পড়েছে ছয়টি হাউজিং প্রকল্প প্ল্যান

প্রকাশিত :  ১৮:০১, ১২ নভেম্বর ২০২৬

মেয়র্স এক্সিলিরেটেড হাউজিং প্রোগ্রাম সংক্ষেপে এমএইচপি\'র - এর মাধ্যমে বারার হাউজিং বা আবাসনখাতে ব্যাপক অগ্রগতি হচ্ছে টাওয়ার হ্যামলেটসে। এই প্রকল্পের অধিনে গত অক্টোবর মাসে তিনটি হাউজিং প্ল্যান বা পরিকল্পনার আবেদন জমা হয়েছে এবং এই নভেম্বর মাসে আরো কয়েকটি আবেদন জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

অক্টোবরে ২০ থ্রি কল্ট স্ট্রীট (20 Three Colt Street),  ফ্রিমলি ওয়ে (Frimley Way) এবং লার্ক রো (Lark Row) -এর প্রস্তাব জমা দেওয়া হয়। এর আগে আগস্ট মাসে পিগট স্ট্রীট (Pigott Street)-এর প্রস্তাব জমা হয়েছিল। এ সপ্তাহে ভ্যালেন্স রোড (Vallance Road) -এর প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে এবং নভেম্বর মাসেই ব্রোমলি স্ট্রীট (Bromley Street) -এর আবেদনও জমা দেওয়া হবে।

এই অগ্রগতি মেয়র্স এক্সিলিরেটেড হাউজিং প্রোগ্রাম বা এমএইচপি-এর গতি ও ব্যাপ্তিকে তুলে ধরছে, যার লক্ষ্য স্থানীয় বাসিন্দাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সাশ্রয়ী মূল্যের ঘর-বাড়ি নির্মাণ এবং সরবরাহ করা।

কাউন্সিলের মালিকানাধীন তুলনামূলক ছোট ছোট সাইট বা জমিগুলো ব্যবহার করে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যা বারার আবাসন চাহিদা পূরণে সহায়তা করবে। এর মধ্যে রয়েছে সাশ্রয়ী মূল্যের ঘর, পরিবারের জন্য বড় আকারের বাসস্থান এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন বাসিন্দাদের উপযোগী ঘর-বাড়ি। প্রস্তাবিত আবাসন প্রকল্পগুলো নিচে তুলে ধরা হল।

২০ থ্রি কল্ট স্ট্রীটঃ তিন ও চার বেডরুমের পাঁচটি ফ্যামিলি সাইজ বা বড় পরিবারের জন্য বাড়ি। প্রতিটি বাড়িতে থাকবে নিজস্ব প্রবেশদ্বার, ব্যক্তিগত বাগান এবং ছাদ টেরেস।

ফ্রিমলি ওয়েঃ সোশ্যাল রেন্ট বা সামাজিক ভাড়ার ১৫টি নতুন ঘর থাকবে এখানে। এর মধ্যে ১১টিতে থাকবে তিন বা তার বেশি বেডরুম এবং নিচ তলায় হুইলচেয়ার-ব্যবহার উপযোগী দুটি ঘর। পার্কের মতো করে ছোট একটি সুবিন্যস্ত আঙিনা গাছপালা, বসার জায়গা এবং খেলার স্থান থাকবে।

পিগট স্ট্রীটঃ সোশ্যাল রেন্ট বা সামাজিক ভাড়ার চার বেডরুমের দুটি বাড়ি রয়েছে এখানে। প্রতিটি বাড়িতে সর্বোচ্চ ছয়জন বসবাস করতে পারবেন। বিভিন্ন ধরনের চাহিদাকে সমর্থন করার লক্ষ্যে একটি ইউনিভার্সাল ডিজাইন বা সর্বজনীন নকশা অনুসরণ করে এই বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে। যেখানে বাইরে থাকবে ব্যক্তিগত ব্যবহারের উপযোগী জায়গা, শিশুদের খেলার স্থান এবং সাইকেল রাখার ব্যবস্থা।

লার্ক রোঃ রিজেন্টস ক্যানেলের পাশে মনোরম পরিবেশে ঘেরা সর্বোচ্চ তিন তলা বিশিষ্ট একটি ভবনে তিনটি বাড়ি বা আবাসন। ক্যানেলের দৃশ্য ও প্রাকৃতিক আলো-ছায়ার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি রাস্তার দিকের অংশটিকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে এবং আশপাশে সর্বজনীন স্থানগুলো আরো উন্নত করার সুযোগ রাখা হয়েছে।

ভ্যালেন্স রোডঃ হোয়াইটচ্যাপেল অংশের ঐতিহাসিক বৈশিষ্ট সুরক্ষিত রেখে নিচতলায় বাণিজ্যিক ইউনিট এবং উপরে আবাসন নির্মাণের মাধ্যমে পরিত্যক্ত ভবনগুলিকে পুনরায় ব্যবহার উপযোগি করা হবে।

ব্রোমলি স্ট্রীটঃ মোট ১৩টি নতুন বাড়ি। এর মধ্যে ১০টিতে থাকবে তিন বা তার বেশি বেডরুম বা শয়নকক্ষ, যা বড় পরিবারগুলোর জন্য অতিরিক্ত জায়গা নিশ্চিত করবে।

এই প্লানিং প্রস্তাবগুলি স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে তৈরি করা হয়েছে। বাসিন্দাদের প্রাথমিক নকশা পর্যালোচনা, প্রকল্প দলের সঙ্গে সাক্ষাৎ এবং মতামত জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। কমিউনিটি আলোচনায়, লিখিত মতামত ও অনলাইন প্রতিক্রিয়াগুলো নকশা উন্নয়নের সময় বিবেচনায় নেওয়া হয়েছে।

মেয়র্স এক্সিলিরেটেড হাউজিং প্রোগ্রাম বা এমএইচপি কাউন্সিলের মালিকানাধীন বিভিন্ন স্থানে নকশা, পরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রমকে সমন্বয় করে। এর মূল লক্ষ্য হল কাউন্সিলের জমি ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নতুন হাউজ বা আবাসন নির্মাণ এবং প্রতিটি এলাকার নিজস্ব বৈশিষ্ট্য ও প্রয়োজনের প্রতি যথাযথ মনোযোগ দেওয়া।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “নতুন বাড়ি নির্মাণের প্রতিটি অগ্রগতি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেসব পরিবার অতিরিক্ত ভীড়ের মধ্যে বসবাস করছেন এবং যারা একটি নিরাপদ ও সাশ্রয়ী ঘরের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য।\"

তিনি আরো বলেন, “মেয়র্স এক্সিলিরেটেড হাউজিং প্রোগ্রাম-এর মাধ্যমে নতুন হাউজ নির্মানের লক্ষ্যে সাম্প্রতিক সময়ে জমা দেওয়া প্রস্তাবগুলো আমাদের অর্জিত অগ্রগতিরই প্রতিফলন। নভেম্বর মাসে আরও বেশ কিছু প্রকল্প পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। টাওয়ার হ্যামলেটস জুড়ে কাউন্সিলের মালিকানাধীন জায়গাগুলোকে কাজে লাগানোর মাধ্যমে আমরা অত্যন্ত প্রয়োজনীয় আবাসন গড়ে তোলার সুযোগ তৈরি করছি, যার মধ্যে রয়েছে সামাজিক ভাড়ার বা সোসাল রেন্ট উপযোগী বাড়ি, বড় পরিবারের জন্য বাসস্থান এবং বিশেষ চাহিদাসম্পন্ন বাসিন্দাদের জন্য উপযুক্ত আবাসন।\"

মেয়র বলেন, “আমি সেইসব বাসিন্দাদের ধন্যবাদ জানাই, যারা তাদের মতামত দিয়ে এই প্রস্তাবনাগুলো তৈরিতে সহায়তা করেছেন। পরিকল্পনা প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে এই প্রস্তাবগুলো বাস্তবায়নের পথে এগিয়ে নিতে আমরা বাসিন্দাদের মতামত শোনা অব্যাহত রাখব।”

সব প্রকল্পই পরিকল্পনা কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভরশীল। প্রতিটি আবেদন আইনগত পরিকল্পনা প্রক্রিয়ার আওতায় মূল্যায়ন করা হবে, যার অংশ হিসেবে আনুষ্ঠানিক পরামর্শ ও বাসিন্দাদের মতামত জানানোর আরও সুযোগ থাকবে।

প্রতিটি আবেদন অনুমোদনের জন্য গৃহীত হওয়ার পর তার নথিপত্র এবং মতামত জানানোর নির্দেশনা কাউন্সিলের পরিকল্পনা পোর্টালে প্রকাশ করা হবে।


 

কমিউনিটি এর আরও খবর