img

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত :  ০৬:৪৪, ১৪ নভেম্বর ২০২৬

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া; নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন।

স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

জাতীয় এর আরও খবর

img

ডেঙ্গুতে এক দিনে আরো ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৫০০ ছুঁইছুঁই

প্রকাশিত :  ০৯:৫১, ১৪ নভেম্বর ২০২৬

দেশে ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।

আজ শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষের পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের ছয়জন, চট্টগ্রাম বিভাগের একজন এবং রাজশাহী বিভাগের একজন রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৪৯১ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৯১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় এর আরও খবর