img

৭ ঘণ্টা পর বনানীর সড়ক ছাড়লেন বিক্ষুব্ধ শ্রমিকেরা

প্রকাশিত :  ০৮:১২, ১০ মার্চ ২০২৫

৭ ঘণ্টা পর বনানীর সড়ক ছাড়লেন বিক্ষুব্ধ শ্রমিকেরা

সড়ক দুর্ঘটনায় সহকর্মীর মৃত্যুর ঘটনায় রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়কের অবরোধ তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা। আজ সোমবার সকাল থেকে প্রায় ৭ ঘণ্টা অবরোধের পর দুপুর দেড়টার দিকে তাঁরা সড়ক ছেড়ে দেন। 

অবরোধের কারণে বনানীসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এমনকি এই যানজটের প্রভাব রাজধানীর অন্যত্রও ছড়িয়ে পড়ে। যানজটে আটকা পড়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন।

তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

দুপুরের দিকে ওই এলাকায় বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা। রাস্তার ওপর তারা সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করে দাঁড়ান।

বনানী থানা-পুলিশ বলছে, আজ সকাল ৬টা ৪১ মিনিটের দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় কলাবাহী একটি পিকআপের চাপায় মিনা আক্তার নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হন। এর প্রতিবাদে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। তারা বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে মহাখালীর আমতলী পর্যন্ত সড়কে অবস্থান নেন। এতে দুই পাশের সড়কে শত শত গাড়ি আটকে পড়ে।

অবরোধের প্রায় ৭ ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছাড়েন বলে নিশ্চিত করেছে পুলিশ। শ্রমিকেরা সরে যাওয়ার পর যান চলাচল শুরু হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, পিকআপটি ইতিমধ্যে তেজগাঁও থানা-পুলিশ আটক করেছে। সিসিটিভি ফুটেজ দেখে তেজগাঁও বাসস্ট্যান্ড থেকে গাড়িটিকে আটক করা হয়। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটক করার চেষ্টা চলছে।


বাংলাদেশ এর আরও খবর

img

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি

প্রকাশিত :  ১৩:২০, ১২ এপ্রিল ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৭০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে।

অদ্য ১২ এপ্রিল ২০২৬ তারিখ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোসাইস্থল, কাজিয়াতলী, চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা এলাকা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ভারতীয় শাড়ি, বাজি, জিরা, বাসমতি চাল, ফুসকা, চিংড়ি মাছের রেণু, জনসন বেবি পাউডার, সাবান, রেডবুল এনার্জি ড্রিংকস, মশার কয়েল এবং অকটেনসহ বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ৭০,০৪,১২০/- (সত্তর লক্ষ চার হাজার একশত বিশ) টাকা।

জব্দকৃত মালামালসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি জানান, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক\"- বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।