নড়াইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার কালিয়া থানাধীন কাঞ্চনপুর গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে কালিয়া থানা বিএনপির সভাপতি আনোয়ার সরদারের প্রত্যক্ষ নির্দেশে প্রাণঘাতি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
গত ৯ মার্চ রোববার কাঞ্চনপুর গ্রামে বাবরা-হাচলা ইউনিয়নের বিএনপি সভাপতি পিকুল শেখ ও সাবেক সভাপতি মিলন মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধের মীমাংসার জন্য কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসিদুল ইসলাম তার কক্ষে আলোচনার জন্য ডাকেন। কিন্তু সেখানে থানা বিএনপির সভাপতি আনোয়ার সরদার পিকুল শেখের পক্ষ নিয়ে মিলন মোল্লার উপর হুমকি ধামকি প্রদর্শন করেন এবং দেখে নেওয়ার কথা বলেন। তারপর মীমাংসার আলোচনা পণ্ড হয়। পরবর্তীতে মিলন মোল্লা জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নিকট আনোয়ার সরদার ও পিকুল শেখের বিরুদ্ধে মৌখিক অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি এসে সমাধানের আশ্বাস দেন। তারপর মিলন মোল্লার সমর্থকরা কাঞ্চনপুর গ্রামে ফিরে আসে এবং স্বাভাবিক কাজকর্ম করতে থাকেন। কিন্তু আনোয়ার সরদারের নির্দেশে ১০মার্চ সোমবার কাঞ্চনপুর খেয়াঘাটের মসজিদ থেকে আছরের নামাজ পড়ে বের হওয়ার পর রোজাদার ব্যক্তি মোহাম্মদ ফরহাদ শেখ সহ, মকিম শেখ ও কামাল কাজীর উপর ইউনিয়ন বিএনপির সভাপতি পিকুল শেখের উপস্থিতিতে ধারালো দেশি অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করেন। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় দ্রুত তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে বিবাদমান দু'পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়া এবং বাড়ি ঘর ভাংচুরের খবর পাওয়া গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এক মহিলা সহ কয়েক জন আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিয়া উপজেলা পুলিশ ঘটনাস্হলে অবস্থান নিলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।



















