img

সিলেটে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ৩১ মোটরসাইকেল ভাঙচুর!

প্রকাশিত :  ০৬:৫২, ১২ এপ্রিল ২০২৫

 সিলেটে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ৩১ মোটরসাইকেল ভাঙচুর!

মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হক আজিজের ওপর হামলা হয়েছে। হামলায় তাকেসহ তিনজনকে গুরুতর আহত করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা দিপু। এ ঘটনার বদলা নিতে দিপুর বাসায় হামলা চালাতে গিয়ে এলাকাবাসীর ধাওয়ার শিকার হয় আজিজের অনুসারীরা। এ সময় তাদের ফেলে আসা ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করে এলাকাবাসী। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, শুক্রবার বিকেলে সিলেট ল কলেজের সামনে মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হক আজিজের সঙ্গে ছাত্রলীগ কর্মী অপুর বাগবিতণ্ডা হয়। এরপর দিপু লোকজন নিয়ে আজিজের ওপর হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে আজিজের মাথায় আঘাত করে।

এ সময় রক্তাক্ত অবস্থায় আজিজকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ১৮টি সেলাই লাগে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

ছাত্রলীগ নেতা দিপু আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহার গ্রুপের অনুসারী। এ ঘটনার খবর পেয়ে যুবদল নেতা কয়েসসহ কয়েকজনের নেতৃত্বে প্রায় ৭০ থেকে ৮০টি মোটরসাইকেল নিয়ে মাছিমপুর গিয়ে দিপুর বাসায় হামলা চালায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

এ সময় এলাকাবাসী জড়ো হয়ে তাদের ঘিরে ফেললে তারা সেখানে ৩১টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী সব কটি মোটরসাইকেল ভাঙচুর করে। 

এ খবর পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগরের উপশহর পয়েন্টে রোজভিউ হোটেলের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তাদের শান্ত করতে সেখানে যান সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, শামীম আহমদসহ অন্য বিএনপি নেতারা। কয়েস লোদী যখন তাদের শান্ত করার চেষ্টা করছেন এ সময় সেনাবাহিনীর একটি দল সেখানে এলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

পরে পুলিশ ও সেনাবাহিনী মিলে মাছিমপুরে ঘটনাস্থলে যায়। পরে ভাঙচুরের শিকার ৩১টি মোটরসাইকেল পিকআপে পুলিশ লাইনে পাঠায় সেনাবাহিনী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

ঘটনাস্থলে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, ‘পার্কিং করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।’ তিনি বলেন, ‘সন্ধ্যায় হামলার প্রথম ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজসহ তিনজন আহত হন। তিনি আহত হওয়ার পর তার গ্রুপ সংঘবদ্ধ হয়ে হামলা করে। পরে এলাকাবাসী জড়ো হয়ে তাদের প্রতিহত করেন।’

সিলেটের খবর এর আরও খবর

img

সুনামগঞ্জে পৃথক স্থান থেকে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ১২:৪৩, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জের দুটি পৃথক স্থান থেকে এক বৃদ্ধা ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ধলাইড়পাড় থেকে বৃদ্ধার এবং দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের কুতুবপুর কৃষ্ণতলা এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনফর আলীর স্ত্রী খাইরুন নেছা (৬৫) এবং জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের কালিপুর গ্রামের প্রয়াত গুরুসদয় দত্তের ছেলে সুমন দত্ত (৩৩)।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ বলেন, সকালে ধলাইপাড়ের উত্তরে স্কুলের পাশের ডোবায় এক নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

লাশ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে নারীর পরিচয় জানতে চায় পুলিশ। পরবর্তীতে ছবি দেখে পরিচয় শনাক্ত করে পুলিশ।

তিনি বলেন, প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে নারীর লাশ উদ্ধার করা হয়। পরে লাশের পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ বলেন, শুক্রবার রাতে নিখোঁজ ছিলেন সুমন দত্ত। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে জামালগঞ্জ থানা পুলিশকে অবগত করেন স্বজনরা।

এদিন সকালে কুতুবপুর কৃষ্ণতলার পাশে খালে সুমনের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্বজনরা। দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। একমাত্র সন্তানকে হারিয়ে বিলাপ করছেন সুমন দত্তের মা সরস্বতি দত্ত।

অলিউল্লাহ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় স্বজনদের কেউ এখনো থানায় অভিযোগ করেননি।


সিলেটের খবর এর আরও খবর