img

সিলেটে হবে স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল: জেলা প্রশাসক

প্রকাশিত :  ১১:১১, ০২ অক্টোবর ২০২৫

 সিলেটে হবে স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল: জেলা প্রশাসক

স্বল্পতম সময়ের মধ্যে সিলেটে একটি স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল তৈরি হবে, যাতে করে সিলেটের ক্যান্সার আকান্ত রোগীদের ঢাকা কিংবা দেশের বাইরে যেতে না হয়- এমনটি বলেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম । আগামী ৩ মাসের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নির্মিতব্য ক্যান্সার ইউনিটের কাঠামোগত উন্নয়ন পরিদর্শনে আসেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। এ-সময় তার সাথে ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সহ হাসপাতালের কর্তৃপক্ষ।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জেলা প্রশাসক সারওয়ার আলম।

জেলা প্রশাসক আরও জানান, অক্টোবর-নভেম্বর মাস নাগাদ ওসমানীতে চিকিৎসক সংকট কেটে যাবে। এছাড়াও জটিলতা কাটিয়ে মাস দুয়েকের মধ্যে সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম চালু হবে। এটি চালু হলে ওসমানীতে রোগীর চাপ কমবে বলে আশা প্রকাশ করেন সিলেটের ডিসি৷

জেলা প্রশাসক বলেন, ওসমানী হাসপাতালকে দালালমুক্ত করতে কাজ চলছে। তিনি বলেন, এখানকার চিকিৎসক ও নার্সরা খুব আন্তরিক। কিন্তু অতিরিক্ত রোগীর কারণে সেবা ব্যাহত হচ্ছে। এখানে ৫০০ শয্যার জনবল রয়েছে । কিন্তু রোগী থাকেন প্রায় ৩ হাজার। এছাড়া রোগীদের স্বজনরাও ভীড় করেন। এ কারণে সবকিছুতে ঝামেলা হচ্ছে।


সিলেটের খবর এর আরও খবর

img

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত :  ১০:৪৪, ১০ এপ্রিল ২০২৬

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় খাসিয়াদের বন্দুকের গুলিতে আরেক যুবক নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সীমানা পিলার থেকে প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে ভারতীয় খাসিয়াদের সুপারি বাগানে এই ঘটনা ঘটে। এনিয়ে ৯ দিনের ব্যবধানে একই সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হলেন।

নিহত যুবকের নাম সালেহ আহমেদ জয়ধর (৩০)। তিনি কোম্পানীগঞ্জের দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।

শুক্রবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক এ তথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নিহত সালেহ আহমেদ আরও দুই সহযোগীসহ মাদকের চালান আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন।

এ সময় তারা ভারতের অভ্যন্তরে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে ভারতীয় খাসিয়া সম্প্রদায় তাদের ‘সুপারি চোর’ সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের সঙ্গে থাকা অপর দুই যুবক সুমন মিয়া (২৫) এবং মাসুম আহম্মদ (২০) সালেহ আহমদের মরদেহ বহন করে বাংলাদেশে নিয়ে আসেন। সঙ্গে থাকা দুই যুবক নাজিরগাঁও গ্রাম ও কারবালারটুক গ্রামের বাসিন্দা।

বিজিবি আরও জানায়, নিহত যুবকসহ তিনজন দীর্ঘদিন থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়ার (চোরাচালান) কাজের সঙ্গে জড়িত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে লাশ সুরতহাল করার জন্য।

এরআগে গত ১ এপ্রিল একই উপজেলার সাদ্দাম হোসেন নামের এক বাংলাদেশি যুবক ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হন। নিহত সাদ্দাম হোসেন উত্তর রণীখাই ইউনিয়নের লামা উত্তমা গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা কুটু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১ এপ্রিল সীমান্তের ১২৪৭ নম্বর পিলারের প্রায় ৬০০ গজ ভেতরে ভারতের রাজনটিলা এলাকায় সুপারি চুরি করতে যান সাদ্দাম হোসেনসহ কয়েকজন। এসময় সুপারি বাগানের মালিক খাসিয়ারা গুলি চালালে সাদ্দাম হোসেন নিহত হন ও তার সঙ্গী ফরহাদ মিয়া আহত হন।

সিলেটের খবর এর আরও খবর