img

লালমনিরহাটে হঠাৎ ঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

প্রকাশিত :  ০৭:৩৮, ০৫ অক্টোবর ২০২৫

লালমনিরহাটে হঠাৎ ঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

হঠাৎ ঝড়ে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় কয়েকটি গ্রামে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। ঝড়ে উড়ে গেছে টিনের ঘর, ভেঙে পড়েছে গাছপালা। এ সময় আহত হয়েছেন তিনজন।

আজ রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়ে আকস্মিক এ ঝড় বয়ে গেছে। আহতরা হলেন বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। তাদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃষ্টি চলাকালীন হঠাৎ ঝড় শুরু হয়। ঝোড়ো হাওয়ায় বহু ঘরবাড়ির টিন উড়ে গেছে। আধাপাকা ঘরবাড়ি ও গোডাউন ঘর ভেঙে গেছে। ঝড় অল্প সময় স্থায়ী হলেও কয়েক গ্রামের শতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জাকিয়া খাতুন বলেন, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে তদন্ত টিম পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে দ্রুত সরকারি সহায়তা দেওয়া হবে। 

বাংলাদেশ এর আরও খবর

img

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি

প্রকাশিত :  ১৩:২০, ১২ এপ্রিল ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৭০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে।

অদ্য ১২ এপ্রিল ২০২৬ তারিখ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোসাইস্থল, কাজিয়াতলী, চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা এলাকা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ভারতীয় শাড়ি, বাজি, জিরা, বাসমতি চাল, ফুসকা, চিংড়ি মাছের রেণু, জনসন বেবি পাউডার, সাবান, রেডবুল এনার্জি ড্রিংকস, মশার কয়েল এবং অকটেনসহ বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ৭০,০৪,১২০/- (সত্তর লক্ষ চার হাজার একশত বিশ) টাকা।

জব্দকৃত মালামালসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি জানান, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক\"- বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।