img

কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতের ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত :  ১০:৪৮, ১৬ নভেম্বর ২০২৫

কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতের ৫ লাখ টাকা জরিমানা

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তির কাছ থেকে মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ধলাই নদীর বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। লিজকৃত এলাকার বাইরে থেকেও ড্রেজার মেশিনের মাধ্যমে উচ্চ শব্দে বালু তোলা হচ্ছে, যার ফলে নদীর প্রতিরক্ষা বাঁধ ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। উত্তোলিত বালু কৃষিজমিতে স্তুপীকৃত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষাবাদ। এছাড়া একাধিক ট্রাকযোগে বালু পরিবহনের কারণে পার্শ্ববর্তী রাস্তাঘাটে সৃষ্টি হয়েছে গর্ত ও ভাঙ্গন। ধর্মপুর গ্রামের প্রায় অর্ধ কিলোমিটার এলাকায় গ্রাম্য সড়কের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে।

এ অবস্থায় ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহালের ইজারাদারের প্রতিনিধি বদরুল ইসলামকে ৩ লাখ টাকা এবং আরেক ইজারাদারের প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, “রহিমপুর ইউনিয়নের ধর্মপুর মৌজায় অবৈধ বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আওতায় দুই ব্যক্তিকে মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।”



সিলেটের খবর এর আরও খবর

img

সিলেটে চাঞ্চল্যকর রাসেল হত্যা: সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার ২

প্রকাশিত :  ০৫:৫৫, ০৮ অক্টোবর ২০২৬

রাসেল আহমদ

সিলেটের দক্ষিণ সুরমার সিলামে চাঞ্চল্যকর রাসেল আহমদ শাহ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইয়াসিন আহমদ ফাহিম (৩৩) ও আব্দুস সামাদ (৩৩)।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূঁইয়া জানান, এসআরবির অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার হয়েছে। বর্তমানে থানায় আছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিলাম চকবাজার এলাকায় রাসেল আহমদকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রাসেলের মা রাজনা বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন।

মলায় অভিযুক্তরা হলেন- ফজলু মিয়া (৫৫), আবেদ রাজা (৫৫), ইয়াসিন আহমদ ফাহিম (৩৩), আব্দুস সামাদ (৩৩), রনি (৩৫), তানিম আহমদ (২৪), সুমন আলী (৩৪), শহীদ আলী (২৮), কামরান (২৪), মাহবুব (২০), জুবের আহমদ জুবেল (২২), রাফি (২০), সালমান (২৫), আহমাদুর রহমান সাদেক (৪৫), মাসুম (২৫), মুহিন (২২), রাজু মিয়া (৪৫), মোজাহির আলী (৩৭), আলী রুবেল (৩১), গুল্লি সুয়েব (৫৫), সিরাজুল ইসলাম (৫২) ও উজ্জ্বল মিয়া (৩৫)।

সিলেটের খবর এর আরও খবর