img

কুমিল্লায় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

প্রকাশিত :  ১০:৫৭, ১৬ নভেম্বর ২০২৫

কুমিল্লায় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

কুমিল্লা নগরীতে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে নগরীর টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে ২৯ জন এবং জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আরও ১৫ জনকে আটক করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ভোর ৬টার দিকে কুমিল্লা মহানগরীর টমছম ব্রিজ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও জনতা ধাওয়া করে টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ব্যানার, লাঠি ও লাইটার জব্দ করা হয়।

কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, আইন-শৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে সাবেক এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহারের মেয়ে সূচনার অর্থায়নে নিষিদ্ধ ছাত্রলীগ শহরে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীতে ২৯ জনসহ পুরো জেলায় মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, কুমিল্লা সদর দক্ষিণ, দাউদকান্দি, মুরাদনগর, ভাঙ্গুরা, দেবিদ্বার ও চান্দিনা থেকে একজন করে, নাঙ্গলকোটে দুই জন, কুমিল্লা নগরীতে ২৯ এবং জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৭ জনসহ মোট ৪৪ জনকে আটক করা হয়েছে। 

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আজ দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

img

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি

প্রকাশিত :  ১৩:৫২, ০৫ ডিসেম্বর ২০২৫

লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৩১০ বাংলাদেশিকে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে। অনেকে লিবিয়ায় বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে—লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সম্ভাব্য সকলের সাথে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে পথ খরচ, কিছু খাদ্যসমগ্রী ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করছে।