img

এম এ মোক্তাদির কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

প্রকাশিত :  ২০:১৫, ১০ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ২০:১৭, ১০ জানুয়ারী ২০২৬

এম এ মোক্তাদির কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

দেশজুড়ে প্রচণ্ড শীতের প্রকোপে যখন সাধারণ মানুষ বিপর্যস্ত, ঠিক সেই সময়ে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেটের দক্ষিণ সুরমাভিত্তিক সামাজিক সংগঠন এম এ মোক্তাদির কল্যাণ ট্রাস্ট।

বুধবার, ৮ জানুয়ারি, দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় শত শত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত নিবারণের লক্ষ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ট্রাস্টের পক্ষ থেকে এই মানবিক কার্যক্রমটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ট্রাস্টের পরিচালক মোঃ আব্দুল হাকিম, মোঃ আব্দুল আহাদ, মোঃ আব্দুল ওদুদ ও মোঃ আব্দুল মওদুদ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, লন্ডন এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট ও সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃ আনছার উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন তরুণ সমাজসেবক মোঃ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুজিবুর রহমান, মোমিনখলা জামে মসজিদের কোষাধ্যক্ষ আবু হাসান সাহেদ, বেলাল উদ্দিনসহ এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।

অনুষ্ঠানের শেষে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আব্দুল ওদুদ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “গত তিন দশক ধরে এম এ মোক্তাদির কল্যাণ ট্রাস্ট মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলের সহযোগিতা পেলে আমাদের এই আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও আমরা ধারাবাহিকভাবে সামাজিক কার্যক্রম পরিচালনা করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।”

তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে এম এ মোক্তাদির জনকল্যাণ ট্রাস্ট নানা কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে এবং ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।

সিলেটের খবর এর আরও খবর

img

রাতের আঁধারে পাইপ বেয়ে চারতলায়, শ্রীমঙ্গলের বাসায় ধরা দিল বিরল লজ্জাবতী বানর

প্রকাশিত :  ০৯:১৯, ২০ মে ২০২৬

সংগ্রাম দত্ত: নিঝুম রাত। সবাই যখন ঘুমের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই শ্রীমঙ্গলের একটি চারতলা ভবনের বাসায় দেখা মিলল অদ্ভুত এক অতিথির। প্রথমে কেউ বুঝতে পারেননি প্রাণীটি কী। পরে ভালোভাবে দেখে চমকে ওঠেন পরিবারের সদস্যরা— সেটি ছিল বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর।

মঙ্গলবার (১৯ মে) সকালে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চৌমুহনা এলাকার বাসিন্দা সফেদ মিয়ার ভবন থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাসার ভেতরে হঠাৎ অস্বাভাবিক নড়াচড়া টের পান তারা। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর চোখে পড়ে বড় বড় চোখের শান্ত স্বভাবের একটি প্রাণী। পরে স্থানীয়দের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, সেটি একটি লজ্জাবতী বানর।

ঘটনার বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মী কাজী গোলাম কিবরিয়া জুয়েলকে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে প্রাণীটিকে উদ্ধার করেন।

উদ্ধারকারীদের ধারণা, রাতের আঁধারে ভবনের সেনেটারি পাইপ বেয়ে উপরে উঠে বাসার ভেতরে ঢুকে পড়ে প্রাণীটি। পরে সেটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা জানান, লজ্জাবতী বানর অত্যন্ত শান্ত ও নিশাচর প্রাণী। বন উজাড়, আবাসস্থল ধ্বংস এবং খাদ্য সংকটের কারণে এসব প্রাণী এখন মাঝেমধ্যে লোকালয়ে চলে আসছে। সাধারণত লাউয়াছড়া জাতীয় উদ্যান, হবিগঞ্জের সাতছড়ি ও রেমা-কেলেঙ্গা বনাঞ্চলে এদের বিচরণ দেখা যায়।

প্রকৃতিনির্ভর পর্যটন নগরী শ্রীমঙ্গলে এমন বিরল প্রাণীর উপস্থিতি যেমন কৌতূহল তৈরি করেছে, তেমনি বন ও বন্যপ্রাণী রক্ষার প্রয়োজনীয়তার বিষয়টিও আবার সামনে এনে দিয়েছে।


সিলেটের খবর এর আরও খবর