img

চার অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা

প্রকাশিত :  ০৭:২১, ০১ এপ্রিল ২০২৬

চার অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা

রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে আজ বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঝড়ের সঙ্গে দমকা বাতাস, বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি থাকতে পারে। সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। এসব অঞ্চলে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ ছিল।

বৃষ্টি ও ঝড়ের কারণে নৌ চলাচলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, তাই স্থানীয়দের সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ এর আরও খবর

img

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাই নিহত

প্রকাশিত :  ০৫:২৫, ১৪ মে ২০২৬

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলাস্থ ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে একটি গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মুলাদ্দা নামক এলাকায় বুধবার (১৩ মে) গাড়ির এসির বিষাক্ত গ্যাস নির্গত হয়ে তাদের মৃত্যু হয়েছে।

তাদের মৃত্যুর বিষয়টি ওমানে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে। নিহতরা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা আবদুল মজিদের ছেলে এবং চারজনই ওমানে কর্মরত ছিলেন।

পরিবারের সূত্রে জানা যায়, ওই পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই ওমান প্রবাসী ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার উদ্দেশ্যে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।

ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু অবস্থায় থাকায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

এ ঘটনায় রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।