img

রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

প্রকাশিত :  ১৬:২৬, ২২ মে ২০২৬

রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে পাশবিকভাবে হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। 

আজ শুক্রবার (২২ মে) সন্ধ্যার পর থেকে কালশী রোডের ফুলকলি ও আধুনিকের মোড় এলাকায় সড়ক অবরোধ করায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’, ‘আমার বোন খুন হলো কেন?’ এবং ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এসময় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ বিক্ষোভে অংশ নেন।

বিক্ষুব্ধ জনতা বলেন, শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের দীর্ঘসূত্রতা মেনে নেওয়া হবে না। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই রায় কার্যকর করার দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, দেশে বিচারহীনতার সংস্কৃতি ও দীর্ঘসূত্রতার কারণেই একের পর এক এমন নৃশংস ঘটনা ঘটছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।

এর আগে, মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার পর মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ এর আরও খবর

img

কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

প্রকাশিত :  ০৮:০১, ২২ মে ২০২৬

২০২৬-২০২৮ মেয়াদে কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের কার্যনির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গত বুধবার (২০ মে) লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সভায় এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। 

সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নজরুল ইসলাম।

কমনওয়েলথের কার্যনির্বাহী কমিটি ১৬ সদস্যবিশিষ্ট। এর মধ্যে ৮টি সদস্যপদ সর্বোচ্চ অবদানকারী রাষ্ট্রগুলোর জন্য নির্ধারিত এবং বাকি ৮টি সদস্যপদ চারটি আঞ্চলিক গ্রুপ থেকে নির্বাচনের মাধ্যমে পূরণ করা হয়। কার্যনির্বাহী কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, প্রশাসন ও জনবলসংক্রান্ত বিষয় তদারকি করে থাকে।

পাশাপাশি কমিটি বোর্ড অব গভর্নরসের জন্য বিভিন্ন নীতিগত সুপারিশ প্রণয়ন করে। এছাড়া কমিটি কমনওয়েলথের নতুন ও স্বীকৃত সংস্থাগুলোর (এওএস) সদস্যপদ যাচাই-বাছাইয়ের কাজও সম্পন্ন করে।


বাংলাদেশ এর আরও খবর