img

যুদ্ধের ৪০ দিনে কোন দেশে কত জন নিহত, বাংলাদেশি কজন

প্রকাশিত :  ০৮:২৫, ০৮ এপ্রিল ২০২৬

যুদ্ধের ৪০ দিনে কোন দেশে কত জন নিহত, বাংলাদেশি কজন
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। পাল্টা জবাব দেয় ইরান। শুধু ইসরায়েল নয়, ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়। শুরুর ৪০তম দিনে এসে আজ বুধবার প্রাণঘাতী এ যুদ্ধের লাগাম টানতে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল–ইরান।

কোন দেশে কতজন নিহত হয়েছেন

ইরান: যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে মোট ৩ হাজার ৬৩৬ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক রেডক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, ইরানে নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ জন।

লেবানন: লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ১ হাজার ৫৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১২৯ শিশু রয়েছে। দক্ষিণ লেবাননে দুটি পৃথক ঘটনায় জাতিসংঘের তিনজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। তাঁরা ইন্দোনেশিয়ার নাগরিক। লেবাননে নিহতের তালিকার আরও আছেন সাংবাদিক ও চিকিৎসাকর্মী।

ইরাক: সংকট শুরুর পর থেকে ইরাকে অন্তত ১১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েল: ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী, ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটিতে মোট ২৩ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের ১১ জন সেনা নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র: যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ১৩ জন সেনা নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত: দুজন সেনাসহ মোট ১৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

কাতার: কাতারের জলসীমায় গত ২২ মার্চ ‘নিয়মিত দায়িত্ব পালনের’ সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন।

কুয়েত: সাতজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

পশ্চিম তীর (ফিলিস্তিন): ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ফিলিস্তিনের পশ্চিম তীরে চারজন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।

সিরিয়া: দেশটির দক্ষিণাঞ্চলের শহর সুয়েইদায় একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানলে চারজন নিহত হন।

বাহরাইন: ইরানের দুটি পৃথক হামলায় দুজন নিহত হয়েছেন।

ওমান: দেশটির সোহর প্রদেশের একটি শিল্পাঞ্চলে গত ১৩ মার্চ ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন।

সৌদি আরব: রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-খারজ শহরের একটি আবাসিক এলাকায় নিক্ষিপ্ত গোলার আঘাতে দুজন নিহত হয়েছেন।

ফ্রান্স: উত্তর ইরাকে ড্রোন হামলায় একজন ফরাসি সেনা নিহত হয়েছেন।

(প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৩ এপ্রিল জানানো হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ওই অঞ্চলের বিভিন্ন দেশে থাকা ছয় বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।)

তথ্যসূত্র: রয়টার্স


আন্তর্জাতিক এর আরও খবর

img

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত

প্রকাশিত :  ১৯:৫৭, ১৯ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৮ শিশু নিহত হয়েছে। দেশটির লুইজিয়ানা অঙ্গরাজ্যে গোলাগুলিতে তারা নিহত হয়। আজ রোববার (১৯ এপ্রিল) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শ্রিভপোর্ট পুলিশের প্রধান ওয়াইনি স্মিথ জানিয়েছেন, এটি একটি পারিবারিক-সম্পর্কিত হামলার ঘটনা। নিহত শিশুদের বয়স এক থেকে প্রায় ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছিল।

তিনি জানান, পুলিশের ধাওয়ার পর বন্দুকধারীও নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পালানোর সময় সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে। এরপর পুলিশ তাকে অনুসরণ করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি পৃথক স্থানে এ হামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গুলিবিদ্ধ শিশুদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় রয়েছে।

স্মিথ বলেন, এটি একটি ভয়াবহ ঘটনা। আমাদের অনেকে আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি।

লুইজিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গোয়েন্দা সংস্থাকে তদন্তে সহায়তা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার সকালে বোজিয়ার সিটিতে পুলিশি ধাওয়ার সময় গোলাগুলি হয়েছে। তবে এতে কোনো পুলিশ সদস্য আহত হননি।

পুলিশ সাধারণ জনগণের কারও কাছে ছবি, ভিডিও বা তথ্য থাকলে তদন্তকারীদের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ জানিয়েছে।