img

হাসিনা ও কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত :  ১৭:০০, ০৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:১৭, ০৮ এপ্রিল ২০২৬

হাসিনা ও কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে দিতে অনুরোধ পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

আজ বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও পৃথক আলোচনা করেন বলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

আলোচনায় উভয়পক্ষ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে।

ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনিপির নবনির্বাচিত সরকার, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা, সম্মান ও পারস্পরিক লাভের ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

তিনি শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান এবং বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রেফতার ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠাতে উভয়পক্ষ একমত হয়েছে।

ভারতীয় পক্ষ জানায়, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশ্যে বাংলাদেশিদের জন্য ভিসাসেবা আগামী সপ্তাহগুলোতে সহজ করা হবে।

ড. খলিলুর রহমান ভারতের সাম্প্রতিক ডিজেল সরবরাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে ডিজেল ও সার রপ্তানির পরিমাণ বাড়ানোর অনুরোধ জানান।

মন্ত্রী হরদীপ সিং পুরি বলেন, ভারত সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

উভয়পক্ষ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা অব্যাহত রাখার মাধ্যমে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়।


জাতীয় এর আরও খবর

img

হাম ও হামের উপসর্গে প্রাণ গেল আরো ৮ শিশুর, মোট মৃত্যু ৫৮৩

প্রকাশিত :  ০৮:৪৮, ৩০ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:২৬, ৩০ মে ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে  সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬টি শিশু।

আজ শনিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে অবশ্য কারও মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৯৩টি শিশুর।

আর হামে আক্রান্ত হয়ে আরও ৯০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৮৩ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৫৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩। এই সময়ে ৯০৭টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৩৯টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৯ হাজার ৬১২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৯৯৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫৫ হাজার ৭০৫ রোগী, যাদের মধ্যে ৫২ হাজার ৫০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।