img

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর হামলা যুক্তরাষ্ট্র-সৌদি আরবের

প্রকাশিত :  ০৫:২৩, ২৯ জুলাই ২০২৬

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর হামলা যুক্তরাষ্ট্র-সৌদি আরবের

ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) অভিযোগ করেছে, ইরাকজুড়ে তাদের একাধিক সদর দপ্তরে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বিমান হামলা চালিয়েছে। এ হামলায় সংগঠনটির আট সদস্য নিহত এবং আরও চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে পিএমএফ।

 আজ বুধবার (২৯ জুলাই) ভোরে চালানো এ হামলার কথা এক বিবৃতিতে নিশ্চিত করে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ।

এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর সমন্বয়ে ইরাকে অবস্থানরত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ড্রোন হামলার জবাব হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা একাধিক ড্রোন ভূপাতিত করেছে, যেগুলো পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রাজধানী রিয়াদের তেল স্থাপনা লক্ষ্য করে পাঠানো হয়েছিল। 

সৌদি আরব আরও জানায়, তারা উত্তেজনা বাড়াতে চায় না। তবে দেশের নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, পিএমএফ এক বিবৃতিতে এ হামলাকে ‘চরম বিপজ্জনক পরিস্থিতি বৃদ্ধি’ আখ্যা দিয়ে বলেছে, এটি ইরাকের সার্বভৌমত্ব ও দেশটির সরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের ওপর সরাসরি লঙ্ঘন।

এদিকে, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বৃহস্পতিবার সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে। এর কয়েক দিন আগে তিনি সৌদি আরবে হওয়া ড্রোন হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দেন।

সোমবার ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য ইরাকের ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক সৌদি আরবের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, ড্রোন হামলায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। 

সৌদি আরবের অভিযোগকে তারা ‘মনগড়া’ বলে উল্লেখ করে সতর্ক করেছে, সৌদি আরবের যেকোনো বেপরোয়া পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।

সূত্র: আলজাজিরা


আন্তর্জাতিক এর আরও খবর

img

জাপানে ভূমিকম্পে ধসে পড়া শপিং মলে আটকা পড়েছেন অনেকে

প্রকাশিত :  ১৩:৫১, ২৮ জুলাই ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল শপিং মলের একাংশ ধসে পড়েছে। এতে ভবনটির ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকায় বহু মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরসঙ্গে উত্তরপশ্চিমাঞ্চলে একটি ভবনে ভূমিকম্পের পর আগুন লেগেছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি।

জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকের প্রচারিত ভিডিওতে দেখা গেছে ভূমিকম্পের পর দেশের প্রধান দ্বীপ কায়ুসুতে একাধিক জায়গায় আগুন ধরেছে। কয়েকটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে আছে। এছাড়া অনেক জায়গার সড়কে ফাটল দেখা গেছে।

সংবাদমাধ্যমটি বলেছে, ভূমিকম্পে এখন পর্যন্ত সেখানে অন্তত ১২টি বাড়ি ধসে পড়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ৪টা ২৭ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বলে জানায় জাপানের আবহাওয়া সংস্থা। তবে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা বলেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮।

ভূমিকম্পের পর পর উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়। কিন্তু কয়েক ঘণ্টা পরই এটি তুলে নেয় কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী তাকাচি ক্ষয়ক্ষতি নিয়ে বলেছেন, “আমরা আহত ও অবকাঠামো ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করছি। যদিও আমাকে ইতিমধ্যে কয়েকজন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া ব্রিজ, সড়ক ক্ষতিগ্রস্ত ও কয়েকটি ভবন ধসে পড়েছে।”

‘কাশিমা’ নামে শহরের একটি শপিং মলের দ্বিতীয় তলা ধসে পড়েছে। এতে করে মলটির ভেতরে অনেকে আটকা পড়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এরআগে পুলিশ জানিয়েছিল, কাশিমার এইন নামে একটি শপিং মলে তারা বিস্ফোরণের মতো শব্দ শোনার তথ্য পেয়েছিল। তখন তাদের কাছে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য আসেনি।

সূত্র: সিবিএস

আন্তর্জাতিক এর আরও খবর