img

জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স

প্রকাশিত :  ১৯:১০, ০২ আগষ্ট ২০২৬

জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স

বৈধ ব্যাংকিং চ্যানেলে জুলাই মাসে দেশে এসেছে ২৮৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৫ হাজার ৪০০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা ধরে)।

আজ রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

এর আগে, গত অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছিল ২৮২ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয়।

এদিকে, গত ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ১২ মাসে দেশে বৈধ চ্যানেলে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার। তার আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি রেমিট্যান্স আগে কখনো আসেনি।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে।

অর্থনীতি এর আরও খবর

img

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

প্রকাশিত :  ০৭:৫৩, ১৭ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে শ্রমিকদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব উপস্থাপন করার কথা রয়েছে।

গতকাল সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শ্রম অধিদপ্তরে বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়। সভা স্থগিত হওয়ার পরপরই মালিক ও শ্রমিক—উভয় পক্ষ দ্রুততম সময়ের মধ্যে সভার নতুন তারিখ নির্ধারণের দাবি জানায়।

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন। ওই সভায় মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সে অনুযায়ী গতকালের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও সভা স্থগিত হওয়ায় এখন ২৩ নভেম্বর তা উপস্থাপন করা হবে।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় আগামী ডিসেম্বর মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দেওয়া হলে শ্রমিকেরা ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করেন।

প্রসঙ্গত, সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। শ্রম আইন ও মেয়াদ অনুযায়ী, চলতি নভেম্বর মাসে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষ হচ্ছে। ২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।