img

সুযোগটা কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চান তমা মির্জা

প্রকাশিত :  ০৯:১৬, ২০ আগষ্ট ২০২৬

সুযোগটা কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চান তমা মির্জা

অভিনেত্রী তমা মির্জার জীবনের গণ্ডি শুধু অভিনয়ের মধ্যেই আটকে রাখতে চাননি। অভিনয়ের পাশাপাশি এবার নতুন এক পরিচয়ে নিজেকে যুক্ত করেছেন এই অভিনেত্রী। প্রায় তিন মাস ধরে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি এবি ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) পদে কাজ শুরু করছেন তমা। রুপালি পর্দার এই পরিচিত মুখটি এখন নিয়মিত অফিস করছেন, সামলাচ্ছেন করপোরেট দুনিয়ার নতুন দায়িত্বও। নতুন এই অধ্যায় নিয়ে বেশ উচ্ছ্বসিত তমা। তাঁর কাছে বিষয়টি শুধু চাকরি নয়, বরং নিজেকে নতুনভাবে আবিষ্কার করার একটি সুযোগ।

নতুন সহকর্মী, নতুন পরিবেশ, নতুন দায়িত্ব–সব মিলিয়ে অভিজ্ঞতাটি উপভোগ করছেন তিনি। তমার ভাষায়, ‘নতুন সহকর্মী, নতুন পরিবেশ। নতুন বন্ধুও পেয়েছি। সব মিলিয়ে দারুণ কাটছে।’ অভিনেত্রী থেকে ব্যাংকার। পরিবর্তনটা হয়তো অনেকের কাছে চমকপ্রদ। তবে তমার কাছে এটি জীবনের স্বাভাবিক একটি পর্ব। অভিনয়ের প্রতি ভালোবাসা যেমন আগের মতোই আছে, তেমনি পেশাগত জীবনে নতুন কিছু শেখার আগ্রহও রয়েছে। তাই ব্যাংকের চাকরিকে তিনি দেখছেন নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবে।

সামাজিক মাধ্যমে নতুন এই অধ্যায়ের কথা জানিয়ে তমা লিখেছেন, জীবনের একটি নতুন অধ্যায় সবার সঙ্গে ভাগ করে নিতে যাচ্ছেন তিনি। সেখানে নিজের প্রথম ভালোবাসা হিসেবে অভিনয়ের কথাই আগে উল্লেখ করেছেন। জানিয়েছেন, অভিনয়ে তিনি আছেন, থাকবেন এবং সামনে আরও কাজ করবেন। এরপরই জানিয়েছেন নতুন পরিচয়ের কথা। এবি ব্যাংকের ‘ব্র্যান্ড কমিউনিকেশন’ বিভাগে যোগ দেওয়ার খবর। অভিনয়ের পাশাপাশি নতুন এই পেশাতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

তবে ব্যাংকার তমা মানেই যে অভিনয়ে বিরতি, এমনটা একেবারেই নয়। বরং দুটি পরিচয়কে সমান্তরালভাবে এগিয়ে নিতে চান তিনি। অভিনয়কে নিজের প্রথম ভালোবাসা উল্লেখ করে তমা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আছি, থাকব, আমৃত্যু কাজ করব ইনশাআল্লাহ।’ তাঁর নতুন কর্মস্থল থেকেও অভিনয় চালিয়ে যাওয়ার বিষয়ে সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

আসলে তমার অভিনয়জীবনের ধরনটাই এমন। নিয়মিত পর্দায় দেখা যাওয়ার চেয়ে বেছে বেছে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। বছরে একটি কিংবা দুটি সিনেমায় কাজ করলেও চরিত্র ও গল্প নির্বাচনে যথেষ্ট সময় নেন। ফলে অভিনয়ের বাইরে অন্য কিছু করার জন্য তাঁর হাতে সময়ও থাকে। সেই সময়কে কাজে লাগিয়েই এবার করপোরেট জগতের অভিজ্ঞতা নিতে চেয়েছেন।

তাঁর কথায়, ‘আমি খুব বেছে বেছে কাজ করি। বছরে একটা কিংবা দুটো সিনেমায় কাজ করি। জীবনের বাকি সময়টা অন্য কিছু এক্সপ্লোর করতে পারাটা দারুণ একটা সুযোগ। সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার অভিজ্ঞতা অর্জন করতে চাই।’

‘দাগি’ সিনেমার পর তমাকে ঘিরে দর্শকের আগ্রহও বেড়েছে। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়েছেন তিনি। এরপর একাধিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব এলেও কোনোটি নিয়ে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এগোননি। পরিচালকদের সঙ্গে বৈঠক করেছেন, কয়েকটি সিনেমার কাজ চূড়ান্ত পর্যায়েও পৌঁছেছিল। গল্প ও চরিত্র পছন্দ না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেননি।

অবশেষে নতুন সিনেমায় কাজের জন্য প্রস্তুত হয়েছেন তমা। চলতি মাসের শেষ দিকে কিংবা আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় শুরু হতে পারে ছবিটির শুটিং। ছবিটির প্রাথমিক নাম ‘খলনায়ক’, যদিও পরে নাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তমা।

‘দাগি’র পর নতুন ছবিতে ফেরার সিদ্ধান্তটিও তাঁর কাছে বেশ গুরুত্বপূর্ণ। কারণ গল্প ও চরিত্র–দুটিই তাঁকে আকৃষ্ট করেছে। অর্থাৎ সামনে তমার জীবনে দুটি জগৎ পাশাপাশি চলবে। একদিকে লাইট, ক্যামেরা, অ্যাকশন আর অন্যদিকে অফিস, মিটিং, ব্র্যান্ড ও কমিউনিকেশনের করপোরেট জগৎ। অভিনয়ের পরিচিত গণ্ডির বাইরে নিজের দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও বিস্তৃত করতেই এই নতুন যাত্রা।



বিনোদন এর আরও খবর

img

সত্যিই কি মাথা ন্যাড়া করেছেন নয়নতারা, জানা গেল আসল ঘটনা

প্রকাশিত :  ০৯:৩২, ১৯ আগষ্ট ২০২৬

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, নয়নতারার মাথা পুরোপুরি ন্যাড়া। এরপরই প্রশ্ন উঠেছে-সত্যিই কি মাথা ন্যাড়া করেছেন তিনি? খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল ছবির ঘটনা সত্য নয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নয়নতারার মাথা ন্যাড়া অবস্থার কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিগুলো দেখে অনেকেই দাবি করেন, তিরুমালা মন্দিরে গিয়ে চুল বিসর্জন দিয়েছেন অভিনেত্রী। বিশেষ করে বহুল প্রতীক্ষিত ‘টক্সিক’ সিনেমা মুক্তির আগে এমন মানত করেছেন নয়নতারা-এমন কথাও ছড়িয়ে পড়ে।

তবে পরে ছবিগুলো খতিয়ে দেখে জানা যায়, এগুলো আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নয়নতারার আসল ছবিতে পরিবর্তন এনে মাথা ন্যাড়া দেখানো হয়েছে।

জানা গেছে, ভাইরাল ছবিগুলো চলতি বছরের এপ্রিল মাসে নয়নতারার তিরুমালা সফরের সময় তোলা আসল ছবির আদলে তৈরি। সে সময় স্বামী বিগ্নেশ শিবনের সঙ্গে তিরুমালা মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী। ওই সফরের ছবিতে তার মাথায় স্বাভাবিকভাবেই চুল দেখা যায়।

ভাইরাল ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করলেও বিষয়টি স্পষ্ট হয়। নয়নতারার পোশাক ও কানের দুল আসল ছবির সঙ্গে একই রাখা হয়েছে। শুধু কৃত্রিমভাবে তার মাথার চুল মুছে দিয়ে ন্যাড়া দেখানো হয়েছে। ফলে ছবিগুলো যে সম্পাদিত কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি, তা সহজেই বোঝা যায়।

এদিকে নয়নতারার হাতে এখন রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিনেমা। এর মধ্যে অন্যতম যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। সিনেমাটিতে ‘গঙ্গা’ চরিত্রে অভিনয় করছেন তিনি। এটি সিনেমাটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র।

‘টক্সিক’র প্রথম ঝলক প্রকাশের পর থেকেই নয়নতারার চরিত্রটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পরিচালক গীতু মোহনদাসও জানিয়েছেন, ‘গঙ্গা’ চরিত্রে নয়নতারাকে দর্শক একেবারে ভিন্ন রূপে দেখতে পাবেন।

সিনেমায় যশের দিদির চরিত্রে নয়নতারা অভিনয় করছেন বলে জানা গেছে। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার যশের সঙ্গে কাজ করছেন তিনি। প্রকাশিত ঝলকেও নয়নতারার উপস্থিতি নজর কেড়েছে।

‘টক্সিক’ নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যেই অভিনেত্রীর মাথা ন্যাড়া করার ছবি ছড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই শুরু হয় নানা আলোচনা। তবে শেষ পর্যন্ত জানা গেল, তিরুমালায় গিয়ে চুল বিসর্জন দেওয়ার খবরটি সত্য নয়। ভাইরাল হওয়া ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজিতে তৈরি করা হয়েছে।