img

হবিগঞ্জে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রকাশিত :  ১৪:৩০, ১০ সেপ্টেম্বর ২০২৬

 হবিগঞ্জে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি-চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল দেব (৫০) মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে। তিনি মনতলা বাজারের ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, সকালে দুলাল মনতলা থেকে সিএনজিযোগে চুনারুঘাটের মুরারবন্দে হজরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর মাজার জিয়ারতে যাচ্ছিলেন। পথে চাকলা এলাকায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের অসাবধানতার কারণে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জাতীয় এর আরও খবর

img

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

প্রকাশিত :  ০৭:৩১, ১১ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি যাচাই-বাছাই করছে বর্তমান সরকার। এসব চুক্তির বিভিন্ন দিক পর্যালোচনার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি জানান, চুক্তিগুলো নিয়ে সরকারের পর্যালোচনা প্রক্রিয়া চলছে। এ বিষয়ে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার। বিএনপি সরকারের মূলনীতি হচ্ছে- সবার আগে বাংলাদেশ।

তিনি জানান, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানায়নি। স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ না জানানোর কারণে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় সংসদের চিফ হুইপ।

নুরুল ইসলাম মনি বলেন, চট্টগ্রাম পোর্টে বাংলাদেশ ও বন্ধু দেশের দুইটি জাহাজ একসঙ্গে আসলে, বন্ধু দেশের জাহাজ আগে খালাস হবে। দেশের স্বার্থ বিরোধী এমন অসংখ্য চুক্তি করে গেছেন শেখ হাসিনা। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমাদের দেশের স্বার্থ রক্ষার পরেই বন্ধুত্ব বজায় রাখা হবে।

তিনি বলেন, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা স্বাবলম্বী করতে চাই এই দেশকে। এর জন্য আমাদের যা যা করা দরকার আমরা তাই করব।

চিফ হুইপ বলেন, হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলারের ঋণ সরকার পরিশোধ করেছে। দেশে ১৬ লাখ টন সার মজুদ রয়েছে এবং বিদ্যুৎ, ও গ্যাস সমস্যা সমাধানে সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই।


জাতীয় এর আরও খবর