‘ওটিপি’ ছাড়া প্রবেশ করা যাবে না সচিবালয়ে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
প্রকাশিত :
১৮:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ওটিপি’ (একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড) ব্যতীত সচিবালয়ে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. তোফায়েল হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ প্রবেশ পাস/অনুমতিপত্র ব্যতীত দর্শনার্থীদের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের প্রবণতা বৃদ্ধি পেয়েছে মর্মে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের অনুমোদনবিহীন প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে এবং সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এতে আরও বলা হয়েছে, এ অববস্থায় বাংলাদেশ সচিবালয়ে আসা দর্শনার্থীকে প্রবেশের পূর্বে যথাযথভাবে ওটিপি যাচাই পূর্বক প্রবেশের অনুমতি প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা
প্রকাশিত :
০৫:২৪, ১৩ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট: ০৬:৩১, ১৩ নভেম্বর ২০২৬
শীর্ষ মার্কিন ডিজিটাল সেবা প্রতিষ্ঠান মাইক্রোসফট বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিভ্রাটের মুখোমুখি হয়েছে। এতে প্রতিষ্ঠানটির ইমেইল, ক্লাউড স্টোরেজসহ বহুল ব্যবহৃত অনেক সেবা কার্যত অচল হয়ে পড়েছে।
ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টরের’ বরাতে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মাইক্রোসফট ব্যবহারে সমস্যার কথা জানানো হয়েছে।
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী মাইক্রোসফট আউটলুকে প্রবেশ করতে সমস্যার কথা জানিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, সমস্যা সমাধানে তারা 'সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে' এবং সেবা স্বাভাবিক করতে 'আক্রান্ত' সার্ভারগুলো পুনরায় চালু চেষ্টা করছে।
মাইক্রোসফট জানিয়েছে, এই বিভ্রাটের কারণে ‘সম্ভাব্য ক্ষতিগ্রস্ত’ সেবার তালিকা বেশ দীর্ঘ। এর মধ্যে ইমেইল, ক্লাউডে ফাইল আদান-প্রদান, মিটিং ও দাপ্তরিক কাজ পরিচালনার জন্য ব্যবহৃত আউটলুক, মাইক্রোসফট টিমস, শেয়ারপয়েন্ট অনলাইন, মাইক্রোসফট কোপাইলট ৩৬৫, মাইক্রোসফট প্ল্যানার এবং মাইক্রোসফট এক্সচেঞ্জ অনলাইন রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোক্রোসফটের ডিজিটাল সেবা অচল হয়ে পড়ায় বাস্তব জীবনে এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। ইমেইল আদান-প্রদান ছাড়াও, বিভিন্ন ডেটাবেজে প্রবেশ, অনলাইন ক্লাস, টেলিহেলথ, পণ্যের অর্ডার সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা বিঘ্নিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বেশ কিছু সরকারি সেবাকেন্দ্র বাধ্য হয়ে কার্যক্রম বন্ধ রেখেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের শুরুর দিকেও মাইক্রোসফটের সেবায় এ ধরনের বিভ্রাট দেখা গিয়েছিল। যেমন—গত জানুয়ারিতে আউটলুক, টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য পরিষেবা কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল।