img

ইরানের হাতে এখনো ২৫০০ ক্ষেপণাস্ত্র: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

প্রকাশিত :  ০৭:৩২, ১৫ নভেম্বর ২০২৬

ইরানের হাতে এখনো ২৫০০ ক্ষেপণাস্ত্র: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
ইরানের অস্ত্রভান্ডারে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। তবে তেহরানের ক্ষেপণাস্ত্রের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা কঠিন হওয়ায় এ মূল্যায়ন নিয়ে মার্কিন কর্মকর্তাদের আত্মবিশ্বাসের মাত্রা কম। তা সত্ত্বেও ইরানের হাতে এখনো উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে বলে মনে করছেন তারা।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে কর্মকর্তারা জানান, ইরানের ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য মজুত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলছে। বিশেষ করে দেশটির ওপর নতুন করে সামরিক হামলা চালানো হবে কি না, তা বিবেচনায় এই অস্ত্রভান্ডার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, ইরানের হাতে দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের সময় ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত এবং উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও তেহরান নতুন সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন এক ইসরায়েলি কর্মকর্তা। তার মতে, ‘তারা আবার অস্ত্র তৈরি করছে, পুনরায় সশস্ত্র হচ্ছে।’

গত সপ্তাহে ইরান নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচন করে। এর আগে ব্লুমবার্গকে এক পশ্চিমা কর্মকর্তা জানিয়েছিলেন, মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের প্রচলিত সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস হলেও দেশটির হাতে অন্তত ১ হাজার ৭০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। পাশাপাশি প্রতি মাসে আরও ৫০টি ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে বলে গোয়েন্দা প্রতিবেদনের বরাতে জানান তিনি।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে জ্যেষ্ঠ উপদেষ্টাদের ট্রাম্প জানিয়েছেন, তেহরান কিংবা ইয়েমেনের ইরানপন্থি হুতিরা নতুন করে কোনো উসকানি না দিলে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন তিনি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ২৭ অক্টোবরের নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলার পক্ষে বলে জানা গেছে।

সূত্র : দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা

প্রকাশিত :  ০৫:২৪, ১৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৩১, ১৩ নভেম্বর ২০২৬

শীর্ষ মার্কিন ডিজিটাল সেবা প্রতিষ্ঠান মাইক্রোসফট বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিভ্রাটের মুখোমুখি হয়েছে। এতে প্রতিষ্ঠানটির ইমেইল, ক্লাউড স্টোরেজসহ বহুল ব্যবহৃত অনেক সেবা কার্যত অচল হয়ে পড়েছে।

ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টরের’ বরাতে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মাইক্রোসফট ব্যবহারে সমস্যার কথা জানানো হয়েছে।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী মাইক্রোসফট আউটলুকে প্রবেশ করতে সমস্যার কথা জানিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, সমস্যা সমাধানে তারা 'সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে' এবং সেবা স্বাভাবিক করতে 'আক্রান্ত' সার্ভারগুলো পুনরায় চালু চেষ্টা করছে।

মাইক্রোসফট জানিয়েছে, এই বিভ্রাটের কারণে ‘সম্ভাব্য ক্ষতিগ্রস্ত’ সেবার তালিকা বেশ দীর্ঘ। এর মধ্যে ইমেইল, ক্লাউডে ফাইল আদান-প্রদান, মিটিং ও দাপ্তরিক কাজ পরিচালনার জন্য ব্যবহৃত আউটলুক, মাইক্রোসফট টিমস, শেয়ারপয়েন্ট অনলাইন, মাইক্রোসফট কোপাইলট ৩৬৫, মাইক্রোসফট প্ল্যানার এবং মাইক্রোসফট এক্সচেঞ্জ অনলাইন রয়েছে।

এছাড়া ক্লাউড-ভিত্তিক সাইবার নিরাপত্তা সেবা মাইক্রোসফট ডিফেন্ডারও বিভ্রাটের তালিকায় রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোক্রোসফটের ডিজিটাল সেবা অচল হয়ে পড়ায় বাস্তব জীবনে এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। ইমেইল আদান-প্রদান ছাড়াও, বিভিন্ন ডেটাবেজে প্রবেশ, অনলাইন ক্লাস, টেলিহেলথ, পণ্যের অর্ডার সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা বিঘ্নিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বেশ কিছু সরকারি সেবাকেন্দ্র বাধ্য হয়ে কার্যক্রম বন্ধ রেখেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের শুরুর দিকেও মাইক্রোসফটের সেবায় এ ধরনের বিভ্রাট দেখা গিয়েছিল। যেমন—গত জানুয়ারিতে আউটলুক, টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য পরিষেবা কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল।

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর