img

এআই আতঙ্কে বিশ্ববাজার থেকে উধাও ৯ লাখ কোটি ডলার

প্রকাশিত :  ১১:৪৬, ২১ নভেম্বর ২০২৬

এআই আতঙ্কে বিশ্ববাজার থেকে উধাও ৯ লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কায় বড় ধরনের ধস নেমেছে বিশ্বজুড়ে শেয়ারবাজারে। এর প্রভাব পড়েছে স্বর্ণ, তামা ও বিভিন্ন দেশের মুদ্রাবাজারেও। গত কয়েক মাসের দরপতন চলতি সপ্তাহে আরও তীব্র হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর থেকে বিশ্বজুড়ে শেয়ারবাজারের মোট বাজারমূল্য থেকে প্রায় ৯ লাখ কোটি ডলার কমে গেছে। এ সপ্তাহে তাইওয়ানের শেয়ারবাজারে দরপতন হয়েছে ১৭ শতাংশ, যা ১৯৯০-এর দশকের শুরুর পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

বিশ্লেষকদের মতে, এআই ও প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় বাজারে একধরনের বুদ্‌বুদ তৈরি হয়েছে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছিল। বছরের মাঝামাঝি সময় থেকেই এ নিয়ে আলোচনা শুরু হয়। তবে গত মাসে যুক্তরাষ্ট্রসহ বড় অর্থনীতিগুলোতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে—এমন ধারণা তৈরি হওয়ার পর বিক্রির চাপ বাড়তে থাকে।

বাজারে অস্থিরতা বাড়ার পেছনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিও ভূমিকা রেখেছে। চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধাক্কা খাওয়ায় দেশটিতে নতুন তথ্যকেন্দ্র (ডেটা সেন্টার) নির্মাণের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এআই প্রযুক্তি পরিচালনায় এসব তথ্যকেন্দ্র গুরুত্বপূর্ণ।

এর মধ্যে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগের খবরও বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করেছে। এআই শিল্পে অর্থায়নের ক্ষেত্রে এনভিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

শেয়ারবাজারের অস্থিরতা বোঝার অন্যতম সূচক যুক্তরাষ্ট্রের ভিআইএক্স শুক্রবার ৩০ পয়েন্টে পৌঁছেছে। গত মার্চের শেষ দিকের পর এটি সর্বোচ্চ। বাজারের আরও দরপতনের আশঙ্কায় বিনিয়োগকারীরা নিজেদের অর্থ সুরক্ষিত রাখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।

শুধু শেয়ারবাজার নয়, ধাতুর বাজারেও বড় প্রভাব পড়েছে। এআই তথ্যকেন্দ্র নির্মাণে ব্যাপক ব্যবহারের কারণে তামার চাহিদা বেড়েছিল। কিন্তু চলতি সপ্তাহে তামার দাম এমনভাবে কমেছে, যাতে ২০২৫ সালের এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে চলতি বছরের মূল্যস্ফীতির উদ্বেগের অন্যতম কারণ তেলের দাম হলেও সাম্প্রতিক বাজার অস্থিরতায় তেলের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। প্রতি ব্যারেল তেল ৯০-৯৪ ডলারের মধ্যে ওঠানামা করছে।

অন্যদিকে সরকারি বন্ডের বাজারে কিছুটা ইতিবাচক পরিস্থিতি দেখা গেছে। বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের আশায় সরকারি বন্ডের দিকে ঝুঁকছেন। যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার চলতি সপ্তাহে ১৭ বেসিস পয়েন্ট কমেছে। বন্ডের দাম বাড়লে সাধারণত এর সুদহার কমে।

তবে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণও এবার বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। শুক্রবার স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ কমে ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

এদিকে মার্কিন ডলারের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। বিশ্বের প্রধান ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের মূল্য পরিমাপের সূচক চলতি সপ্তাহে ১৯ মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরে ইউরোর বিপরীতে ডলারের দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে। জাপানি ইয়েনের বিপরীতে বেড়েছে ৩ শতাংশ এবং ব্রিটিশ পাউন্ড, কানাডীয় ডলার ও নিউজিল্যান্ড ডলারের বিপরীতে বেড়েছে ৪ থেকে ৫ শতাংশ।

উদীয়মান অর্থনীতির দেশগুলোর মুদ্রাও চাপের মুখে পড়েছে। ব্রাজিলের মুদ্রার দাম চলতি মাসে ৮ শতাংশের বেশি কমেছে। অন্যদিকে এআই প্রযুক্তির বিকাশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ইসরায়েলের মুদ্রা শেকেলের দাম কমেছে প্রায় ৫ শতাংশ।

সূত্র: রয়টার্স।

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

হাতিরঝিলের পানি কেন গোলাপি হলো, কারণ খুঁজছে বুয়েট

প্রকাশিত :  ০৩:৫৬, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৪:০৩, ১৮ নভেম্বর ২০২৬

রাজধানীর হাতিরঝিলে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে পানির রং গোলাপি হয়ে থাকতে দেখা যাচ্ছে। ওয়াটার ট্যাক্সিতে যাতায়াতকারীদের চোখে পড়েছে ঝিলের একাংশের পানির এমন অস্বাভাবিক রঙের পরিবর্তন।

হাতিরঝিলের দূষিত পানি গোলাপি রং কেন ধারণ করল, এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর এফডিসি থেকে ওয়াটার ট্যাক্সিতে গুদারাঘাট পর্যন্ত ভ্রমণ করেন এ প্রতিবেদক। যাত্রাপথে হাতিরঝিলের এফডিসি, মধুবাগ ব্রিজ ও পুলিশ প্লাজার অংশের পানিতে গোলাপি আভা দেখা গেছে।

হাতিরঝিল রাজধানীর কেন্দ্রের একটি জলাশয়। এটি ছিল ভাওয়াল রাজার সম্পত্তি। হাতির পাল এই ঝিলে গোসল করত এবং পানি খেত বলে এর নাম হয় হাতিরঝিল।

কারওয়ান বাজার থেকে হাতিরঝিল গিয়ে ওয়াটার ট্যাক্সিতে প্রায়ই রামপুরা যান একটি বেসরকারি ব্যাংকে কর্মরত নেসার উদ্দিন। তিনি বলেন, গত সপ্তাহে ওয়াটার ট্যাক্সিতে যাওয়ার সময় এফডিসির অংশে হঠাৎ গোলাপি রং চোখে পড়ে। এটার কারণ কী, কোত্থেকে এটি আসছে, সেটা নিয়ে যাত্রীদের মধ্যে আলাপ হয়। তবে আসল কারণ জানা যায়নি।

অবশ্য ওয়াটার ট্যাক্সির একজন টিকিট চেকার নাম প্রকাশ না করার শর্তে বলেন, সপ্তাহখানেক আগে রাজউকের লোকজন পানিতে একধরনের রাসায়নিক ছিটিয়েছে। এর পর থেকেই রং পাল্টে গেছে।

হঠাৎ পানিতে এই রং কেন এল, কোত্থেকে এল, সেটার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। এ রহস্য উদ্‌ঘাটন করতে আমরা বুয়েটের সহযোগিতা নিচ্ছি।’

মো. শাহিনুর আলম, রাজউকের প্রশাসন ও অর্থ শাখার সদস্য

হাতিরঝিল তত্ত্বাবধান করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তারাও এ বিষয়ে সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারছে না। কারণ, জানতে তারা শরণাপন্ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের কাছে।

রাজউকের প্রশাসন ও অর্থ শাখার সদস্য মো. শাহিনুর আলম বলেন, ‘হঠাৎ পানিতে এই রং কেন এল, কোত্থেকে এল, সেটার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। এ রহস্য উদ্‌ঘাটন করতে আমরা বুয়েটের সহযোগিতা নিচ্ছি।’

হাতিরঝিল রাজধানীর কেন্দ্রের একটি জলাশয়। এটি ছিল ভাওয়াল রাজার সম্পত্তি। হাতির পাল এই ঝিলে গোসল করত এবং পানি খেত বলে এর নাম হয় হাতিরঝিল।

বর্জ্যে ভরা হাতিরঝিলের উন্নয়নে ২০০৭ সালে ৩০২ একর জমিতে একটি প্রকল্প নেওয়া হয়। কয়েক দফা ব্যয় ও মেয়াদ বৃদ্ধির পর প্রকল্প শেষ হয় ২০২১ সালে। ব্যয় দাঁড়ায় ২ হাজার ২৩৬ কোটি টাকা।

হাতিরঝিলে রাস্তাঘাট, উড়ালসড়কসহ নানা অবকাঠামো হয়েছে। ঝিলটি খননও করা হয়েছে। কিন্তু পয়োবর্জ্য ফেলা বন্ধ হয়নি। এখনো ঝিল থেকে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এর মধ্যে গোলাপি রং ধারণ করা পানি মানুষের কৌতূহল বাড়িয়েছে।

বুয়েটের গবেষক দল হাতিরঝিলের পানিতে কিছু নতুন ব্যাকটেরিয়া পেয়েছেন। পানির গোলাপি রঙের পেছনে তিন ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি সন্দেহ করা হচ্ছে।

বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক আয়শা শারমিন বলেন, ৩ নভেম্বর তাঁরা হাতিরঝিলের বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন গভীরতায় পানির নমুনা সংগ্রহ করেছেন। প্রাথমিক পরীক্ষায় হাতিরঝিলের পানির গুণগত মান প্রায় সব সূচকেই খারাপ পাওয়া গেছে।

আয়শা শারমিন বলেন, বুয়েটের গবেষক দল হাতিরঝিলের পানিতে কিছু নতুন ব্যাকটেরিয়া পেয়েছেন। পানির গোলাপি রঙের পেছনে তিন ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি সন্দেহ করা হচ্ছে।

বুয়েট চলতি মাসের শেষের দিকে গবেষণার বিস্তারিত ফলাফল রাজউকের কাছে দেওয়ার চেষ্টা করছে বলে জানান অধ্যাপক আয়শা শারমিন।

হাতিরঝিলের পানিতে পয়োবর্জ্য ও গৃহস্থালি বর্জ্য ফেলা হয়। এ কারণে ফসফেট ও নাইট্রেটের পরিমাণ অনেক বেশি পাওয়া যায় বলে উল্লেখ করেন অধ্যাপক আয়শা শারমিন। তিনি বলেন, পানির এ অবস্থাকে বিজ্ঞানের ভাষায় বলে ‘ইউট্রোফিকেশন’। এর মধ্যে পানির গন্ধ কমাতে চুন দেওয়া হয়েছিল। যার কারণে পানিতে অম্ল ও ক্ষারের (পিএইচ) পরিমাণ বেড়ে গেছে।

তিনি বলেন, এ অবস্থায় পার্পল সালফার ব্যাকটেরিয়া ও পার্পল নন-সালফার ব্যাকটেরিয়ার জন্ম হতে পারে। এ ধরনের ব্যাকটেরিয়া রঞ্জক পদার্থ তৈরি করতে পারে, যার কারণে পানির রং পরিবর্তিত হয়ে গোলাপি হতে পারে। এর বাইরে সায়ানো ব্যাকটেরিয়াও থাকতে পারে। তবে নির্দিষ্টভাবে কোন ব্যাকটেরিয়ার কারণে পানির রং পরিবর্তন হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বুয়েট চলতি মাসের শেষের দিকে গবেষণার বিস্তারিত ফলাফল রাজউকের কাছে দেওয়ার চেষ্টা করছে বলে জানান অধ্যাপক আয়শা শারমিন।

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর