পরীক্ষায় এআই দিয়ে নকল: দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ
পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতির ঘটনায় নানা সমালোচনা ও জনরোষের মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। আজ রোববার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং।
গত রোববার (১৫ নভেম্বর ২০২৬) কর হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী ক্ষুদ্র ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করেন। দেশটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে নেওয়া পরীক্ষা ‘সুনেউং’-এর মাত্র চার দিন আগে ওই ঘটনা প্রকাশ্যে আসে। দেশজুড়ে এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির আশঙ্কা ছড়িয়ে পড়ে।
সুনেউং পরীক্ষা প্রতিবছর অনুষ্ঠিত হয়। ৯ ঘণ্টার এই পরীক্ষা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চ বেতনের চাকরি, এমনকি ভালো জীবনসঙ্গী পাওয়ার ক্ষেত্রেও এ পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
পরীক্ষায় নকলের ওই ঘটনার পর অসদুপায় ঠেকাতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাইয়ের সংযোগ বন্ধ করা ও পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোর মতো পদক্ষেপ নেওয়া হয়। তবে এসব উদ্যোগের পরও জনমনে আস্থা ফিরিয়ে আনতে পারেননি শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে চোই কিয়ো বলেন, ‘পরীক্ষা শেষ হয়েছে। আমি এর সম্পূর্ণ দায়ভার নিচ্ছি এবং পদত্যাগ করছি।’
এর আগে পার্লামেন্টের শুনানিতে পরীক্ষার দিনে জালিয়াতি শনাক্তে কর্তৃপক্ষ সক্ষম কি না, এমন প্রশ্নে ৭২ বছর বয়সী চোই বলেছিলেন, বয়সের কারণে তিনি আত্মবিশ্বাসী নন। তাঁর এ মন্তব্যে জনমনে ক্ষোভ তৈরি হয়।
সুনেউং পরীক্ষা নির্বিঘ্নে আয়োজন করতে দক্ষিণ কোরিয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পরীক্ষার সময় স্মার্ট ডিভাইস বন্ধ করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরীক্ষার্থীদের চশমা, ঘড়ি ও পোশাকেও তল্লাশি চালানো হয় লুকানো ক্যামেরা শনাক্তে।
কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের (১৯ নভেম্বর ২০২৬) পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস-সংশ্লিষ্ট অসদাচরণের ১১১টি ঘটনা শনাক্ত হয়েছে। এর প্রায় অর্ধেকই ধরা পড়ে সরকার পাঠানো জরুরি সতর্কবার্তার মাধ্যমে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষকের (ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট) যোগ্যতা পরীক্ষায় নকল করে প্রথম হয়েছিলেন একজন। দক্ষিণ কোরিয়ার এই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর গত রোববার এ বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। ওই পরীক্ষার্থী জানান, পরীক্ষার প্রশ্নের ছবি তুলে এআইয়ের কাছে পাঠিয়ে উত্তর সংগ্রহ করেছিলেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঘিরেও উদ্বেগ তৈরি হয়েছিল। এরপর শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন।



















