img

ওয়াশরুমে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

প্রকাশিত :  ০৯:৩৭, ০৮ আগষ্ট ২০২৬

ওয়াশরুমে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুম থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে ওয়াশরুমের দরজা কেটে সহকর্মীরা তাঁর মরদেহ বের করে আনেন। ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে নিয়মমাফিক রোলকলে এএসআই রুবেল অনুপস্থিত ছিলেন। এরপর থেকে ক্যাম্পের সহকর্মীরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন।

পরদিন শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার প্রয়োজনে ওয়াশরুমে গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। বারবার ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে তিনি জানালার ফাঁক দিয়ে ভেতরে রুবেল হোসেনকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশ এবং সংশ্লিষ্ট চিকিৎসকের উপস্থিতিতে বন্ধ ওয়াশরুমের স্টিলের দরজা কেটে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত মুঠোফোন, তোয়ালে, টর্চলাইট ও সিগারেট পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুমে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক) তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও বিস্তারিত তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। 

বাংলাদেশ এর আরও খবর

img

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

প্রকাশিত :  ০৬:৫৯, ০৯ আগষ্ট ২০২৬

বগুড়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত ও অন্তত দুজন আহত হয়েছেন।

আজ রোববার (৯ আগস্ট) সকালে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারের ওপর ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া মহানগরীর ছিলিমপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। রোববার সকাল ৮টার দিকে ঢাকাগামী অপর একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেন। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির কেবিন দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে দুজন নিহত ও অন্তত দুজন আহত হন। 

পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। 

এদিকে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক মহাসড়কের ওপর পড়ে থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি হাফিজুর রহমান জানান, ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রয়েছে। যানবাহনগুলো সার্ভিস লেন দিয়ে চলাচল করছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বাংলাদেশ এর আরও খবর