img

মিরপুরে তিন বাসে আগুন

প্রকাশিত :  ০৮:০৯, ১১ নভেম্বর ২০২৬

মিরপুরে তিন বাসে আগুন

রাজধানী ঢাকার মিরপুরে পৃথক দুই স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেফতারও করা যায়নি।

আজ বুধবার (১১ নভেম্বর) রাতে শাহ আলী থানার চিড়িয়াখানা রোড ও এ দিন ভোরে পল্লবী থানার কালশী রোডের ফুলকলি মোড়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তিনটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন বাসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি সিট, সিটের কাভার, জানালার গ্লাস, পেছনের গ্লাস ও বডির অংশ পুড়ে যায়। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন শাহ আলী থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) মো. রিপন। 

তিনি জানান, রাত আনুমানিক ১টার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে আমাদের পুলিশের একাধিক টিম উপস্থিত রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটের দিকে খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু তার আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। আমরা জানতে পেরেছি চিড়িয়াখানা সিটি পরিবহণ নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

অন্যদিকে, বুধবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, বাস দুটি হলো বিকল্প পরিবহণ ও অভিজাত পরিবহণ। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় বিকল্প পরিবহণের বাসটির সব সিট, গ্লাস ও বডি পুড়ে যায়। অন্যদিকে, অভিজাত পরিবহণের বাসটির পেছনের দুটি জানালার গ্লাস, সিট ও সিটের কাভার পুড়ে গেছে। এতে বিকল্প পরিবহণের আনুমানিক আট থেকে ১০ লাখ টাকা এবং অভিজাত পরিবহণের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ওসি জালাল উদ্দিন। তিনি বলেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টিতে বাসে আগুন দিচ্ছে দুষ্কৃতিকারীরা। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

img

কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশিত :  ০৭:৪৫, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:৪৮, ১১ নভেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) ও তার মা তাহমিনা বেগমকে (৪৮) হত্যার ঘটনায় কবিরাজ মোবারক হোসেনকে (২৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়াছির আরাফাত এই রায় দেন।

মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর  (ভারপ্রাপ্ত) পিপি অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদার। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোবারক হোসেন কুমিল্লা দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। রায় ঘোষণার পর আসামিকে নিয়ে যাওয়ার সময় কুমিল্লা বিশ্ববিদ্যালযয়ের শিক্ষার্থীরা তাকে মারধর ও ধাওয়া করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার ভাড়া বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে নিহত তাহমিনা বেগম সুজানগর এলাকার প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী। তার মেয়ে সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনার সময় তারা বাসায় একা ছিলেন।

৭ সেপ্টেম্বর রাতে তাহমিনা বেগমের দুই ছেলে বাসায় ফিরে হত্যার বিষয়টি টের পান। পরদিন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন তাহমিনা বেগমের বড় ছেলে মো. তাজুল ইসলাম। সেদিনই পুলিশ কবিরাজ মোবারক হোসেনকে (২৯) গ্রেপ্তার করে। আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কুমিল্লা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের এপিপি আবদুল মোতালেব মজুমদার  বলেন, চার্জসিট প্রদানের পর তিন মাসের মধ্যে এর বিচারকার্য শেষ হয়েছে।

এই মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ ছাড়া দণ্ডিত আসামি ও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। আসামিপক্ষের কোনো আইনজীবী না থাকায় মামলার বিচারকার্য যেন প্রশ্নবিদ্ধ না হয় সে জন্য আদালত একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছে। সে আইনজীবী ও সাক্ষীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছেন। আসামীর স্বীকারোক্তি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজকে এই রায় দেন। 

কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল - ১ এর  (ভারপ্রাপ্ত) পিপি এডভোকেট আব্দুল মোতালেব মজুমদার বলেন, হত্যার আগে কথিত কবিরাজ মোবারক হোসেন কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ধর্ষণ করে এবং তার দেখে ফেলায় তার মাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। পরে সুমাইয়াকেও হত্যা করে পালিয়ে যায়। 

মামলার বাদী ও তাহমিনা বেগমের বড় ছেলে মো. তাজুল ইসলাম বলেন, আমরা এই মামলার রায়ে প্রাথমিকভাবে  সন্তুষ্ট প্রকাশ করছি। এ মামলার একমাত্র আসামি মোবারক হোসেন আমার মা এবং বোনকে হত্যার দায় স্বীকার করেছেন। মামলা যদি উচ্চ আদালতে গেলেও সেখানেও যেন আমরা ন্যায়বিচার পায় সেই প্রত্যাশা করছি।

বাংলাদেশ এর আরও খবর