img

চ্যাটজিপিটি ব্যবহার করে ইংরেজিতে দক্ষ হবেন যেভাবে

প্রকাশিত :  ০৯:৫০, ১০ সেপ্টেম্বর ২০২৫

চ্যাটজিপিটি ব্যবহার করে ইংরেজিতে দক্ষ হবেন যেভাবে

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন এখন আগের চেয়ে অনেক সহজ। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটজিপিটি ইংরেজি শেখাকে করেছে সহজ, আকর্ষণীয় এবং ব্যক্তিকেন্দ্রিক। কথোপকথনের অনুশীলন, ব্যাকরণ সংশোধন, শব্দভাণ্ডার বাড়ানো এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে এটি ভাষা শিক্ষাকে করে তুলছে কার্যকর।

যারা ইংরেজিতে মোটামুটি পারদর্শী এবং আরো দক্ষ হতে চান, তাদের জন্য চ্যাটজিপিটি হতে পারে একজন নির্ভরযোগ্য সহকারী।

নিচে দেখে নিন, কিভাবে বিভিন্নভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা যায়।

১. কথোপকথনের প্র্যাকটিস

ইংরেজি শেখার অন্যতম কার্যকর উপায় হলো কথোপকথন অনুশীলন। চ্যাটজিপিটির মাধ্যমে আপনি বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী সংলাপ অনুশীলন করতে পারেন। উদাহরণস্বরূপ : প্রম্পটে লিখুন – Can you write a conversation between two people at an airport?

এভাবে আপনি দোকানে কেনাকাটা, অফিসের ইন্টারভিউ, হোটেলে বুকিং ইত্যাদি বিভিন্ন পরিস্থিতির ওপর ভিত্তি করে চর্চা করতে পারেন।

চাইলে আপনি নিজে কিছু বলার পর, সেটার বিশ্লেষণ করে ব্যাকরণ ও বাক্য গঠনের ভুলগুলো সংশোধন করতে বলতে পারেন।

২. শব্দভান্ডার (Vocabulary) সমৃদ্ধ করা

ইংরেজিতে সাবলীল হতে চাইলে শব্দভান্ডার সমৃদ্ধ করা অত্যন্ত জরুরি। চ্যাটজিপিটি আপনাকে নতুন শব্দ শেখাতে পারে, তাদের অর্থ ও প্রেক্ষাপট বুঝিয়ে দিতে পারে এবং প্রতিটি শব্দের ব্যবহারসহ উদাহরণ দিতে পারে।

বিশেষ করে IELTS বা TOEFL-এর মতো পরীক্ষার প্রস্তুতির সময় আপনি চ্যাটজিপিটিকে বলুন :

Give me a list of important academic words for IELTS.

শুধু তালিকা মুখস্থ নয়, শব্দ শেখাকে আরো আকর্ষণীয় ও মজাদার করে তুলতে পারেন নিচের কিছু গেমের মাধ্যমে :

ওয়ার্ড গেইম : প্রথমে একটি শব্দ দিন।

যেমন \"Rain\" → চ্যাটজিপিটি বলবে \"Umbrella\" → আপনি বলবেন \"Wet\", এভাবে চলতে থাকুক। এটি নতুন শব্দ শেখা ও সম্পর্ক বোঝার জন্য দারুণ উপায়।

Word Scramble : বলুন: Scramble the letters of a word for me to guess.

যেমন: \"P-A-E-P-L\" → আপনি বলবেন \"APPLE\"। বানান ও শব্দ চেনার দক্ষতা বাড়বে।

Fill in the Blanks : বলুন: Create 5 fill-in-the-blank sentences for vocabulary practice.

তারপর শূন্যস্থান পূরণ করে নিজের দক্ষতা যাচাই করুন।

৩. ব্যাকরণ চর্চা

চ্যাটজিপিটি ব্যাকরণ শেখার জন্য একটি চমৎকার সহায়ক টুল। আপনি চাইলেই ব্যাখ্যা, উদাহরণ ও অনুশীলনের জন্য প্রম্পট দিতে পারেন।

উদাহরণ: Explain present perfect tense with examples. Give me 10 sentences using modal verbs.

এছাড়া নিজের লেখা অনুচ্ছেদ দিয়ে চ্যাটজিপিটিকে বলতে পারেন : Check the grammar and explain my mistakes. এতে করে আপনি কেবল ভুল ধরতে পারবেন না, একইসঙ্গে ব্যাখ্যাসহ সংশোধনও জানতে পারবেন।

৪. ইংরেজি বলার দক্ষতা (Speaking)

অনেকেই ইংরেজি বলতে সংকোচ বোধ করেন। একা চর্চা করাও অনেক সময় একঘেয়ে লাগে। এখন চ্যাটজিপিটির ভয়েস মোড ব্যবহার করে সরাসরি কথা বলার অনুশীলন করতে পারেন।

কীভাবে করবেন : চ্যাটজিপিটির মোবাইল অ্যাপ খুলুন, নিচের ডানদিকে ‘হেডফোন’ আইকনে চাপ দিন। ভয়েস মোড চালু হলে আপনি যা বলবেন, চ্যাটজিপিটি তা শুনে উত্তর দেবে। এই ফিচারটি আপনাকে বাস্তব কথোপকথনের অনুভূতি দেবে এবং ধীরে ধীরে আপনার উচ্চারণ, স্পষ্টতা ও আত্মবিশ্বাস বাড়াবে।

ইংরেজি শেখার পথকে সহজ, কার্যকর ও আনন্দদায়ক করতে চ্যাটজিপিটি হতে পারে আপনার নিয়মিত সঙ্গী। নিয়মিত চর্চার মাধ্যমে আপনি লেখার, পড়ার, বলার এবং বোঝার প্রতিটি দিকেই উন্নতি করতে পারবেন। শুধু প্রম্পট দিতে জানতে হবে। আর শিখতে চাওয়ার আগ্রহ থাকলেই আপনি ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারবেন—একেবারে নিজের সময় ও পছন্দমতো।

img

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক

প্রকাশিত :  ১৯:০৫, ২৮ জুলাই ২০২৬

দেশের বাজারে বিক্রি হওয়া বোতলজাত ও খোলা সয়াবিন তেলে উল্লেখযোগ্য পরিমাণে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত ৬০টি নমুনা পরীক্ষায় প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে ৫৩ হাজার ৯২২টি ক্ষুদ্র প্লাস্টিক কণা মিলেছে। বোতলজাত সয়াবিনের তুলনায় খোলা তেলে এসব ক্ষুদ্র কণার উপস্থিতি তুলনামূলক বেশি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক যৌথ গবেষণায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস’-এ সম্প্রতি এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়। গবেষণার জন্য ঢাকার তেজগাঁও, উত্তরা ও ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন সুপারশপ এবং খোলা বাজার থেকে সয়াবিন তেলের মোট ৬০টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে আধুনিক স্পেকট্রোস্কোপিক ও রাসায়নিক পদ্ধতিতে এগুলো বিশ্লেষণ করা হয়।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, বোতলজাত তেলের তুলনায় খোলা সয়াবিন তেলে দূষণের পরিমাণ অন্তত ১.২৪ গুণ বেশি। খোলা তেলে প্রতি লিটারে গড়ে ৫৯ হাজার ৭৭৮টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এর মধ্যে তেজগাঁও এলাকা থেকে সংগৃহীত খোলা তেলের নমুনায় প্লাস্টিক কণার উপস্থিতি ছিল সর্বোচ্চ। শিল্পকারখানার আধিক্য, টেক্সটাইল ও প্লাস্টিক কারখানার কাছাকাছি অবস্থান এবং খোলা তেল সংরক্ষণে পাত্রের বারবার ব্যবহারের কারণে এমন দূষণ ঘটছে বলে গবেষকরা মনে করছেন।

ল্যাবরেটরি বিশ্লেষণে তেলের এসব নমুনায় ছয় ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত হয়। এগুলো হলো—লো-ডেনসিটি পলিইথিলিন (এলডিপিই), হাই-ডেনসিটি পলিইথিলিন (এইচডিপিই), পলিপ্রোপিলিন (পিপি), পলিইথিলিন টেরেফথালেট (পিইটিই), পলিইউরেথেন (পিইউ) ও নাইলন। গবেষকরা জানিয়েছেন, ভোজ্যতেলে পলিইউরেথেন ও নাইলনের উপস্থিতির বিষয়টি বিশ্বে এবারই প্রথম কোনো গবেষণায় উঠে এসেছে। শনাক্ত হওয়া কণাগুলোর ৮২.৫ শতাংশই আঁশ বা ফাইবারজাতীয়। পাশাপাশি ৫৬.২৯ শতাংশ কণা স্বচ্ছ প্রকৃতির এবং ৩৫.৮৪ শতাংশ কণার আকার ১০১ থেকে ৫০০ মাইক্রোমিটারের মধ্যে।

দৈনন্দিন খাদ্যগ্রহণের হিসাব অনুযায়ী মানবদেহে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের একটি প্রাক্কলনও তুলে ধরা হয়েছে এই গবেষণায়। এতে দেখা যায়, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রতিদিন গড়ে ১৭.৬৫টি এবং বছরে প্রায় ৬ হাজার ৪৪১টি প্লাস্টিক কণা প্রবেশ করছে। তবে কম ওজনের কারণে শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও ভয়াবহ। তারা প্রতিদিন গড়ে ৭৭.২১টি এবং বছরে প্রায় ২৮ হাজার ১৮০টি মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছে। একটি শিশু তার জীবনদ্দশায় প্রায় ২০ লাখ ৯০ হাজার প্লাস্টিক কণা গ্রহণ করতে পারে বলে গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে।

চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এসব ক্ষুদ্র কণা মানুষের পরিপাকতন্ত্রের জটিলতা, হরমোনের ভারসাম্যহীনতা, প্রদাহ ও কোষের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে। বিশেষ করে ১৩০ মাইক্রোমিটারের চেয়ে ছোট কণাগুলো কোষের দেয়াল ভেদ করে সরাসরি রক্তে মিশে যাওয়ার ঝুঁকিতে থাকে।

গবেষণা দলটির প্রধান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক জানান, মাইক্রোপ্লাস্টিক বর্তমানে একটি উদীয়মান দূষক, যা মানবদেহে প্রজননতন্ত্র ও বিপাকীয় ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, ‘প্লাস্টিক পুরোপুরি বর্জন করা এই মুহূর্তে বাস্তবসম্মত নয়। তাই প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা ও রিসাইক্লিংয়ের উন্নয়ন অত্যন্ত জরুরি।’

খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে বাজারজাতকরণের প্রতিটি ধাপে কঠোর নজরদারি, মানসম্মত ফিল্টারের ব্যবহার এবং খোলা তেল বিক্রির ক্ষেত্রে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন গবেষকরা। দেশে খাদ্যপণ্যে মাইক্রোপ্লাস্টিক পর্যবেক্ষণের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

ভোজ্যতেলের এই দূষণের আগে দেশের বাজারে প্রচলিত টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছিল। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)-এর এক বছরব্যাপী পরিচালিত এক গবেষণায় দেখা যায়, ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট নমুনার মধ্যে ২৬টিতেই (৭৬.৫ শতাংশ) প্লাস্টিক কণা রয়েছে।

ইএসডিওর ওই গবেষণায় প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। এর মধ্যে সর্বোচ্চ ৩২০টি কণা ছিল মেডিপ্লাস ফ্লুরাইড জেলে। এছাড়া ক্লোজআপ রেড হট ও ক্লোজআপ মেনথল ফ্রেশ-এ ১৬০টি করে, কোদোমো আলট্রা শিল্ড ফর্মুলায় ১৪০টি, সিগন্যাল গ্রিন টি-তে ১২০টি এবং পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট ও হিমালয়া কমপ্লিট কেয়ার-এ ১০০টি করে কণা শনাক্ত হয়। এমনকি শিশুদের জন্য তৈরি ছয়টি টুথপেস্টের মধ্যে চারটিতেই এই দূষক পাওয়া যায়। তবে প্যারাসুট জাস্ট ফর বেবি ও কোদোমো অরেঞ্জ টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক মেলেনি।


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর