img

ভবনে আগুন, ছাদের দরজা বন্ধ থাকায় প্রাণ গেল ৯ জনের

প্রকাশিত :  ০৮:৪৩, ০৩ মে ২০২৬

ভারতের নয়াদিল্লিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ভবনের ছাদের দরজা বন্ধ থাকায় বের হতে না পেরে তাদের মৃত্যু হয়েছে।

 আজ রোববার (০৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির বিবেক বিহারের একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বের হওয়ার কোনো পথ না পেয়ে নয়জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় বাসিন্দাদের অনেকেই বের হতে পারেননি। কারণ ভবনের একদিকে লোহার গ্রিল ছিল। এছাড়া ছাদে যাওয়ার সিঁড়ির দরজাটিও তালাবদ্ধ ছিল।

এনডিটিভি জানিয়েছে, উদ্ধারের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভবনের নকশা। বেজমেন্টসহ চারতলা এই ভবনে মাত্র একটি সিঁড়ি ছিল। এছাড়া এতে কোনো জরুরি নির্গমন পথ ছিল না। আগুন পেছনের দিক দিয়ে ছড়িয়ে পড়ায় সেখান থেকে লাফিয়ে বের হওয়া অসম্ভব হয়ে পড়েছিল। কারণ গ্রিল দিয়ে একদিকের পুরোটা আটকানো ছিল। এছাড়া পেছনের ফ্ল্যাটগুলোর সামনের দিকেও পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। আগুন ছড়িয়ে পড়ায় কেউ কেউ ধোঁয়ায় ভরা করিডোর পেরিয়ে ছাদে যাওয়ার চেষ্টা করলেও দরজা বন্ধ থাকায় আর কোনো পথ খুঁজে পাননি। তীব্র তাপ আর ধোঁয়ার মধ্যে আটকে পড়ে অনেকেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভোর সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময়ে বেশিরভাগ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর তা পাশের ভবনেও ছড়িয়ে পড়ে। দুই ভবনের মাঝে ফাঁকা জায়গা না থাকায় আগুন দ্রুত ছড়াতে সাহায্য করে।

ভুক্তভোগী পরিবারগুলো এই ভয়াবহ ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ভবনের ভেতরে আটকে পড়া মানুষ ও শিশুদের সাহায্যের চিৎকার শোনা যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই শিশু বাঁচার জন্য ভবনের সামনে দিক থেকে লাফ দেওয়ারও চেষ্টা করেছিল।


আন্তর্জাতিক এর আরও খবর

img

ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত :  ১৭:৫৩, ০৩ মে ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। তেহরান তা পর্যালোচনা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের সর্বশেষ প্রস্তাবের জবাব পেয়েছে তেহরান। তা এখন পর্যালোচনা করা হচ্ছে।

ইসমাইল বাঘাই আরও বলেন, ইরানের দেওয়া এই পরিকল্পনাটি কেবল যুদ্ধ অবসানের বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। এই পর্যায়ে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনার সুযোগ রাখা হয়নি।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গতকাল ইউএসএস মিলিয়াস পরিদর্শন করেছেন। ওই সময় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজটি ইরানের বন্দরগুলির অবরোধ কার্যকরে আঞ্চলিক জলসীমায় টহল দিচ্ছিল।

ইউএসএস মিলিয়াসে অবস্থানকালে, ব্র্যাড কুপার নাবিকদের সঙ্গে কথা বলেছেন ও বক্তৃতা দিয়েছেন। তিনি সেখানে চলমান মিশনের গুরুত্ব তুলে ধরেছেন। সেন্টকম ‘এক্স’ বার্তায় এ কথা জানিয়েছে।

সেন্টকম জানায়, গত ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলো অবরোধ শুরু করার পর আজ রোববার পর্যন্ত ৪৯টি বাণিজ্যিক জাহাজের পথ ঘুরিয়ে দিয়েছে মার্কিন বাহিনী।

সূত্র: আল–জাজিরা।

আন্তর্জাতিক এর আরও খবর