img

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি

প্রকাশিত :  ০৫:৫৯, ১০ মে ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি

বাংলাদেশ থেকে চলতি বছর হজ করতে  শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১২৯টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।

আজ রবিবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে সৌদি পৌঁছান ২৩ হাজার ৫৯১ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪২ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৪৬ হাজার ৪২১ হজযাত্রী।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ও ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।


ধর্ম এর আরও খবর

img

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

প্রকাশিত :  ০৬:০৫, ০৭ মে ২০২৬

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ বিভিন্ন দেশে ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কয়েকটি দেশে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’। ক্যালেন্ডার অনুযায়ী, জিলকদ মাসের ২৯তম দিন ১৬ মে এবং ১৭ মে ৩০তম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ মাসটি পূর্ণ ৩০ দিনের হয়ে জিলহজ মাস শুরু হতে পারে। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। সে হিসাবে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবের মতো একই সম্ভাবনার কথা জানিয়েছেন পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরা।

তাদের মতে, চাঁদ দেখার পরিস্থিতি অনুকূলে থাকলে দেশটিতে ২৭ মে ঈদ উদযাপন হতে পারে। সংযুক্ত আরব আমিরাত ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে।

ইউরোপ ও যুক্তরাজ্যে ঈদুল আজহা উদযাপন নিয়ে মুসলিম জীবনধারাভিত্তিক প্ল্যাটফরম হাইফেন জানিয়েছে, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ বা ২৮ মে ঈদুল আজহা উদযাপন করা হবে।

বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

ঈদুল আজহাকে সামনে রেখে যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক যানজটমুক্ত রাখা, পশুর হাট স্থাপন, নিরাপত্তাসহ নানা প্রস্তুতি গ্রহণ করছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ উদযাপিত হয়। সে হিসাবে দেশে ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা বেশি। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ উদযাপনের তারিখ চূড়ান্ত করা হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।