কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪
কুষ্টিয়া জেলার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন।
আজ শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী ড্রামট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা গুরুতর।



















